বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ তারিখ ধার্য করেন। একই সঙ্গে আদালত ওই দিন মামলার বৈধতা-সংক্রান্ত রিট আবেদনের আপিল বিভাগের আদেশ দাখিলের নির্দেশ দিয়েছেন।গত বুধবার এ মামলার লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, তারেক জিয়ার বিরুদ্ধে ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনে অপরাধের প্রাথমিক অভিযোগ প্রকাশিত হয়েছে। তাই আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষ কার্যক্রম চালাতে পারে। রিট আবেদনটি ভুল ধারণা থেকে করা হয়েছিল, তাই কিছু পর্যবেক্ষণসহ লিভ টু আপিল নিষ্পত্তি করা হলো।২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করে।