অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি নবম দফায় পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বিদেশে অর্থ পাচার মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবারও পেছানো হয়েছে। আগামী ৫ মে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে নয় দফায় এই তারিখ পেছানো হলো।গতকাল রোববার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই তারিখ নির্ধারণ করেন।আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন জানিয়ে বলেন, এই মামলাসংক্রান্ত উচ্চ আদালতের আদেশ বিচারিক আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের আদেশের কপি পাওয়া যায়নি। এ কারণে সময় প্রয়োজন। ওই আদেশের কপি পাওয়ার পর তিনি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি করতে চান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবদুস সালাম আইনজীবী সানাউল্লাহ মিয়ার আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। জানা যায়, ২০০৮ সালের ২৬ অক্টোবর দুদক ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে। দুদক তদন্ত করে ২০০৯ সালের ৬ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামুন বর্তমানে কারাগারে আছেন। তারেক রহমান বিদেশে। গতকাল কারাগার থেকে মামুনকে আদালতে হাজির করা হয়।