সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা বিদেশে অর্থ পাচারের মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পেছানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক ১০ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন। গতকাল তারেক রহমানের পক্ষে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করে আদালতকে বলেন, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত তা খারিজ করে দেন। হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিল বিভাগে তা শুনানির অপেক্ষায় আছে। এ সময় বিচারক একজন আইনজীবীকে হলফনামা দিতে বলেন। আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া এটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে মর্মে লিখিত হলফনামা দেন। গতকাল শুনানিতে অংশ নেন সানাউল্লাহ মিয়া, তাহেরুল ইসলাম, জয়নাল আবেদীন মেজবাহ প্রমুখ আইনজীবী। দুদকের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন শুনানি করেন। গত বছরের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেন। দুদক তদন্ত করে গত ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দীন আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামুন বর্তমানে কারাগারে আছেন।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন।অভিযোগপত্রে আরও বলা হয়, তারেকের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরে সিটি ব্যাংকে গিয়াস উদ্দীন আল মামুনের হিসাবে রক্ষিত ছিল।