অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে। তাঁর আইনজীবীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক ১৮ মার্চ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।আবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ অধিবেশন চলমান থাকায় খালেদা জিয়া আদালতে হাজির হতে পারছেন না। এ জন্য সময় প্রয়োজন।গত বছরের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি বছরের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। গতকাল ছিল অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির ধার্য দিন।এ মামলার অপর তিন আসামি হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব ও বর্তমানে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। গতকাল জিয়াউল ও মনিরুলের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত ১৮ মার্চ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন।