বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ২৬ আগস্ট। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ তারিখ ধার্য করেন।গতকাল এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়নি। যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁরা কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাই অভিযোগপত্র গ্রহণের সুযোগ নেই। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই অভিযোগপত্র গ্রহণে আইনগত কোনো বাধা নেই। এ মামলার আসামি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পক্ষে সময়ের আবেদন করা হয়। আইনজীবীরা আদালতকে বলেন, সাদেক হোসেন উচ্চ আদালতের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন। শুনানি শেষে আদালত অধিকতর শুনানির জন্য আগামী ২৬ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন। গত ২৯ এপ্রিল বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘গুম’-এর প্রতিবাদে হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই দিনই শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হীরেন্দ্রনাথ প্রামাণিক এ মামলা করেন।অভিযোগপত্রভুক্ত অন্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন-উন-নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, খোন্দকার মোশাররফ হোসেন, সাংসদ ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সৈয়দা আশিফা আশরাফী, শাম্মী আক্তার, বেগম রেহানা আক্তার, নিলুফার চৌধুরী, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, যুবদলের সহ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম, রেহানা আক্তার ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া। গত ২৯ এপ্রিল ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাঁদের মধ্যে তোফাজ্জল হোসেন ভূঁইয়ার নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। সাদেক হোসেন ছাড়া বাকি আসামিরা আদালতে হাজির ছিলেন।