চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরিফের টাকা লুটের ঘটনায় করা মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে আগামী ২৮ আগস্ট। গতকাল রোববার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মীর রুহুল আমিন শুনানির এই সময় নির্ধারণ করেন।চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘দরবার শরিফের টাকা লুটের ঘটনায় করা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করে আগামী ২৮ অগাস্ট এর গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য করেছেন।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় এ অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে র্যাব-৭-এর সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারসহ সাতজনকে অভিযুক্ত করা হয়।অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন র্যাব-৭-এর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান, ডিএডি আবুল বশর, উপপরিদর্শক তরুণ কুমার বসু, র্যাবের তিন সোর্স দিদারুল আলম ওরফে দিদার, মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া।২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযান চালানোর নামে সেখান থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগে গত ১৩ মার্চ ১২ জনকে আসামি করে একটি মামলা হয়। দরবার শরিফের পীরের গাড়িচালক ইদ্রিস মিয়া বাদী হয়ে করা ওই মামলায় প্রধান আসামি করা হয় র্যাব-৭-এর সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারকে।