ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়ার দাবিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ত্বকী হত্যার ২২ মাস হয়ে গেলেও মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। বিষয়টিকে ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ ত্বকী হত্যার এক বছর পূর্তিতে র্যাব সাংবাদিকদের জানিয়েছিল, ঘটনার সঙ্গে তৎকালীন সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানসহ ১১ জন জড়িত রয়েছে। র্যাব ঘটনার সঙ্গে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের সম্পৃক্ততার বিষয়টি না বললেও আমরা শুরু থেকে বলে আসছি ঘটনায় তারা দুজনও জড়িত। র্যাবের নতুন মহাপরিচালকের কাছে তাঁরা এ মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন নেতা তরিকুল সুজন প্রমুখ। পরে শহীদ মিনারে শিখা প্রজ্বালন করা হয়।