নরসিংদী পৌর-সভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগ-পত্রের নারাজি আবেদন খারিজের বিরুদ্ধে রিভিশন (পুনর্বিবেচনা) আবেদন দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মামলার বাদী ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করেন। বিচারক আবেদন গ্রহণ করে আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১ নভেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসীরা গুলি করে পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যা করে। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুজ্জামান ডাকমন্ত্রীর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত ২৪ জুন এজাহারভুক্ত ২ নম্বর আসামি নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারসহ ১২ জনকে অভিযুক্ত করে লোকমান হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডলের দেওয়া এ অভিযোগপত্রে সালাহ উদ্দিন আহমেদসহ এজাহারভুক্ত ১১ জনের নাম নেই। এজাহারভুক্ত সব আসামিকে অভিযোগপত্রে অন্তর্ভুক্তির দাবিতে মামলার বাদী ২৪ জুলাই মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ২৫ জুলাই আদালত নারাজি আবেদন খারিজ করে দেন। মামলার বাদী ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান বলেন, ‘পুলিশ প্রভাবিত হয়ে এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র তৈরি করে আদালতে পেশ করে; যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই আমি নারাজি আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা খারিজ করে দেন। তাই আমি এই খারিজের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করেছি। প্রয়োজনে উচ্চ আদালতে যাব।’