অভিযোগপত্রের নারাজি খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষের দেওয়া নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা নারাজি আবেদন গ্রহণ না করে অভিযোগপত্র বহাল রেখেছেন।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে নারাজি আবেদনের শুনানি এবং নিয়মিত হাজিরার সব আসামি নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির হন। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগপত্র বাতিল করে এজাহারভুক্ত সব আসামিকে অভিযোগপত্রের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান। আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগপত্রের পক্ষে যুক্তি তুলে ধরে নারাজি বাতিলের আবেদন করেন। পাশাপাশি অভিযোগপত্রে উল্লিখিত খুনিদের আর্থিক সহায়তাকারী নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মতিন সরকারের স্থায়ী জামিন আবেদন বহাল রাখার আবেদন করেন।যুক্তিতর্ক শেষে হাকিম নিতাই চন্দ্র সাহা বলেন, সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগপত্রটি তৈরি করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তদন্তে খুনির জবানবন্দি অনুযায়ী পরিকল্পনাকারী, হত্যাকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সব তথ্য উন্মোচিত হয়েছে। এতে নতুন করে তদন্ত করার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন বিচারিক হাকিম। তিনি নারাজি আবেদন বাতিল করে অভিযোগপত্র বহাল রাখেন। পাশাপাশি আবদুল মতিন সরকারের জামিন আবেদন বহাল রাখেন। শুনানি শেষে জামিনে থাকা আসামিদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাহউদ্দিন আহমেদ আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘সত্যের জয় হয়েছে। মিথ্যা মামলা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না।’মামলার অপর আসামি সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের প্রিয় মেয়র লোকমান হত্যার বিচার চাই। কারণ, সঠিক বিচার না হলে খুনিরা এ ধরনের কাজ করতে উৎসাহ পাবে। কিন্তু আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অভিযোগপত্রের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’অবস্থান ধর্মঘট: লোকমান হত্যা মামলার অভিযোগপত্র বাতিলের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের উপজেলা মোড় নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে লোকমান সংগ্রাম পরিষদ। সকাল নয়টার দিকে নরসিংদী সার্কিট হাউসের সামনে অবস্থান ধর্মঘটে যোগ দিতে আসা লোকমান সমর্থকদের মিছিলে বাধা দেয় পুলিশ। ওই সময় তাদের লাঠিপেটা করার অভিযোগ এনে লোকমান সমর্থকেরা সেখানে একটি প্রাইভেট কার ভাঙচুর করে। অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন লোকমানের মা মজিদা বেগম, স্ত্রী তামান্না নুশরাত, ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, মামলার বাদী নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান প্রমুখ।কামরুজ্জামান অভিযোগ করেন, ‘লোকমান হোসেনকে হত্যার পরপরই আমাদের প্রভাবশালী মন্ত্রীর অপসারণ দাবি করেছিলাম। তিনি এখনো মন্ত্রীর পদে বহাল থাকায় আজ অভিযোগপত্রের এই অবস্থা। তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে তাঁর ভাইসহ অন্য আসামিদের নাম অভিযোগপত্র থেকে প্রত্যাহার করিয়েছেন। প্রয়োজনে আমি উচ্চ আদালতে লড়াই করে যাব।’