সিলেটে সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান হারুন-অর-রশিদ হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে করা নারাজি আবেদনের ওপর শুনানি হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের আদালতে এই শুনানি হয়। আদালতে নারাজি দাখিলকারী আইনজীবী নিতু কান্ত প্রথম আলোকে জানান, এ বিষয়ে আগামী রোববার (কাল) আদালত আদেশ দেবেন। ২০১০ সালের ২১ মার্চ সিলেট নগরের চৌহাট্টা এলাকায় প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় শিক্ষক হারুন-অর-রশিদকে। এ ঘটনায় পরদিন ২২ মার্চ সিলেট কোতোয়ালি থানায় নিহত শিক্ষকের শ্যালক আল আজিম সরকার বাদী হয়ে হত্যা মামলা করেন। ঘটনাটি থানা-পুলিশ তদন্ত করলেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) কলেজের দুই ছাত্রীকে আটক করে। একপর্যায়ে শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগে আবদুল লতিফ ওরফে কাউসারসহ পাঁচজনকে র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তদন্ত শেষে পুলিশ আদালতে দুই ছাত্রীসহ পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু নিহত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে নারাজি দেওয়া হয়। পরে সিআইডি দীর্ঘ তদন্ত শেষে গত ৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে মামলার মূল আসামি আবদুল লতিফ ওরফে কাউসার এবং তাঁর তিন বন্ধুসহ মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীকে অভিযুক্ত করা হয়। নিহত শিক্ষকের পরিবার এই অভিযোগপত্রের বর্ণনার সঙ্গে দ্বিমত পোষণ করে ১০ মে আদালতে নারাজি আবেদন করে।