সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলায় অভিযোগপত্রের (চার্জশিট) বিরুদ্ধে মামলার বাদী নারাজি দিয়েছেন। গতকাল বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেনের আদালতে অভিযোগপত্রের শুনানির দিন বাদীপক্ষের আইনজীবী নারাজি দরখাস্ত দাখিল করেন। আদালত সূত্র জানায়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর ২০১১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চেঙেরখালে নৌভ্রমণে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। পরের দিন এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে মামলা করলে পুলিশ নৌকার মাঝি গুলজার আহমদ ওরফে গুলজার মাঝিকে (৩০) এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে গুলজার মাঝির দেওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারী শনাক্ত হলে এলাকাবাসী তাদের ধরে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে পুলিশ ৫ মার্চ নৌকার মাঝি ও এলাকাবাসীর ধরে দেওয়া আটজন—চেঙেরখালের পার্শ্ববর্তী নলকট গ্রামের ছইল মিয়া, শাহিন আহমদ, লাল মিয়া, সায়েম উদ্দিন, জামাল আহমদ, রকিব আহমদ, মো. আবদুল্লাহ ও সেলিম আহমদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে মামলায় সন্দেহভাজন আসামি তারেক আহমদ, সুহেল মিয়া ও সইল মিয়াকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। নারাজি দরখাস্তে পুলিশের তদন্তে অব্যাহতির সুপারিশ করা তিনজনের ব্যাপারে আপত্তি দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী আবদুল কুদ্দুস নারাজি দরখাস্ত দাখিল করেন। তবে গতকাল আদালতে এ-সংক্রান্ত শুনানির তারিখ ধার্য হয়নি। যোগাযোগ করলে মামলার বাদী মো. ইশফাকুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে হয়েছে। অভিযোগপত্রে নয়জনকে অভিযুক্ত করা হলেও তাঁদের সঙ্গী তিনজনকে অব্যাহতির সুপারিশ করায় বিষয়টি ফের তদন্ত করার অবকাশ আছে বলে আমরা মনে করি।’