মাদারীপুরে দুই স্কুলছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তার হত্যার ঘটনায় করা মামলায় সিআইডির দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দাখিল করেছেন মামলার বাদী বিল্লাল সিকদার।
গত সোমবার মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ আবেদন দাখিল করা হয়। বিচারিক হাকিম মোহাম্মদ জাকির হোসেন এটি আমলে নিয়ে আগামী ১১ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
অষ্টম শ্রেণির ওই দুই ছাত্রী হত্যা মামলার এক বছর তিন মাস পর গত ৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদারীপুর আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করে। স্কুলছাত্রী দুজনের পরিবার সে সময় অভিযোগ করে, অভিযোগপত্র দেওয়ার আগে বাদীকে জানানোর বিধান থাকলেও এ ঘটনার মামলায় তা করা হয়নি। পুলিশ গোপনে অভিযোগপত্র দাখিল করেছে।
এদিকে মামলা ধর্ষণ ও হত্যার অভিযোগে করা হলেও অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করে পুলিশ।
হত্যার ঘটনায় করা দুই মামলার একটির বাদী সুমাইয়ার বাবা বিল্লাল সিকদার অভিযোগ করেন, ‘পুলিশ আসামিদের সঙ্গে যোগাযোগ রেখে রহস্যজনক কারণে হত্যা মামলা আত্মহত্যার মামলায় পরিণত করে চার্জশিট দিয়েছে। ঘটনার সময় হাতেনাতে জনতা দুজনকে আটক করেছিল। অথচ পুলিশ তাঁদের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছে। আমি যাতে মেয়ে ও তার বান্ধবীর হত্যাকারীদের বিচার পাই, সে জন্য আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত নিশ্চয়ই আমাকে ন্যায়বিচার পেতে সাহায্য করবেন।’
তবে অভিযোগপত্র দাখিলকারী সিআইডি পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে বিষপানে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তদন্ত করেও বিষয়টি পাওয়া গেছে। এ কারণে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন বাদী নারাজি দিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।