অভিযোগে আবারও কান দিল না তিতাস

মধ্যরাতে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত এক বাসিন্দা তিতাস গ্যাসে ফোন করে সাহায্য চান। কর্তব্যরত কর্মকর্তার তরফ থেকে উত্তর আসে, ‘মানুষ তো আর আগুনে পুড়ে মরেনি। এত অস্থির হওয়ার কিছু নেই।’
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় মণিপুর স্কুল অ্যান্ড কলেজের উত্তর গেটে ওয়াসা পাম্পের পাশে আগুন লাগে। ভূগর্ভস্থ গ্যাসলাইনের লিকেজ থেকে ওই আগুন লাগে বলে বাসিন্দাদের অভিযোগ। প্রাথমিকভাবে একই ধারণা ফায়ার সার্ভিসেরও। আগুনের লেলিহান শিখা বেশ কয়েক ফুট উঁচুতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও বাসিন্দাদের চেষ্টায় এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
পাম্পের পাশের বাড়ির আতঙ্কিত বাসিন্দা দেলওয়ার হোসেন বলেন, রাতে আগুন লাগার পরে তিতাস গ্যাসে ফোন দিয়ে তিনি সাহায্য চান। কর্তব্যরত কর্মকর্তা মোশাররফ হোসেন তাঁকে বলেন, ‘মানুষ তো আর আগুনে পুড়ে মরেনি। এত অস্থির হওয়ার কিছু নেই।’
অগ্নিকাণ্ডস্থলের পাশের বাড়ির বাসিন্দা নূর মোহাম্মদসহ অন্য বাসিন্দারা বলেন, মণিপুর স্কুলের উত্তর গটে ওয়াসা পাম্পের পাশে দুই থেকে তিন মাস আগে পয়োনিষ্কাশন নালা করার জন্য ওয়াসা দুই থেকে তিন দফায় খোঁড়াখুঁড়ি করে। ওই সময় ভূগর্ভস্থ গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে গ্যাস বের হচ্ছিল। লোকজন সেখানে গেলে গ্যাসের গন্ধ পেত।
নূর মোহাম্মদ বলেন, ২০ থেকে ২৫ দিন আগে এ বিষয়ে তিনি তিতাস গ্যাসে অভিযোগ দেন। কিন্তু তিতাস কোনো ব্যবস্থা নেয়নি।
রাতে ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের মিরপুর ১০ নম্বরের স্টেশন কর্মকর্তা আখতার হোসেন বলেন, ভূগর্ভস্থ গ্যাসলাইনে লিকেজ রয়েছে। দাহ্য কোনো পদার্থের সংস্পর্শে আগুন লেগেছে বলে তাঁরা ধারণা করছেন।
রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিতাসকে বিষয়টি জানানো হয়। ভোর পাঁচটার দিকে তিতাসের একটি দল ঘটনাস্থলে যায়। তারা জায়গাটি দেখে সকাল ১০টার দিকে আরেকটি দল এসে লাইন মেরামত করবে বলে জানায়। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে তিতাসের কর্মীদের কাজ করতে দেখা গেছে।
ভোরে ঘটনাস্থল থেকে তিতাসের টেকনিশিয়ান রুহুল আমিন বলেন, গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস বেরিয়ে আসছে। আরেকটি দল এসে লাইন মেরামত করবে।
ওয়াসার কর্তব্যরত পাম্প অপারেটর বলেন, পাম্পের পাশেই বড় জেনারেটর ছিল। আগুন সেখানে লাগলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ত। এতে বড় ধরনের ক্ষতি হতো।
অভিযোগ শোনার পরও ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক ফাইজার রহমান বলেন, বনানীর ভবনে গ্যাস বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্যাসলাইন মেরামতে জরুরি কিছু দল করা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে। বিভিন্ন বিভাগের লোকজনও পরিবর্তন হয়েছে। এ কারণে ‘মিস ম্যানেজমেন্ট’ হতে পারে।
ফাইজার রহমান আরও বলেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট এলাকার ব্যবস্থাপককে জানাবেন।
গত ১৮ মার্চ গ্যাস বিস্ফোরণে রাজধানীর বনানীর একটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্যাসের লাইনে ফুটো থাকা ও সেখান থেকে গ্যাস বের হওয়ার কথা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নিতে ওই বাড়ির মালিক তিন দফা অভিযোগ জানান। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
এ ঘটনায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং একজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।