মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র: রাষ্ট্রপক্ষকে বললেন ট্রাইব্যুনাল
অভিযোগে না থাকলে সাক্ষ্য নয়

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার রাষ্ট্রপক্ষকে বলেছেন, অভিযোগে উল্লেখ না থাকলে কোনো ঘটনার বিষয়ে সাক্ষ্য নেওয়া হবে না।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম চলাকালে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলীকে এ কথা বলেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী তহুরুল আলম মোল্লাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা শেষে মিজানুল রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর নাম জানতে চাইলে মোহাম্মদ আলী নাম বলেন। ট্রাইব্যুনাল জানতে চান, এই সাক্ষী কত নম্বর অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেবেন?
কয়েকবার চেষ্টার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘আগামীকাল (আজ মঙ্গলবার) বলতে পারব।’ ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, ‘সাক্ষী কোন অভিযোগের ওপর সাক্ষ্য দেবেন আপনি জানেন না?’ পরে ট্রাইব্যুনাল বলেন, ‘সাক্ষী যে ঘটনার বিষয়েই সাক্ষ্য দিক, তা অভিযোগে থাকতে হবে। অভিযোগে না থাকলে আমরা সাক্ষ্য নেব না।’
গত রোববার তহুরুলের জবানবন্দির আগে মোহাম্মদ আলী বলেন, নিজামীর বিরুদ্ধে পঞ্চম অভিযোগের বিষয়ে এই সাক্ষী সাক্ষ্য দেবেন। জবানবন্দির পর ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীর জবানবন্দির সঙ্গে অভিযোগের মিল পাওয়া যাচ্ছে না। কৌঁসুলি জানান, নথিপত্র পর্যালোচনা করে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিতে পারবেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।