মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার অপেক্ষা না করে নিজে উদ্যোগী হয়ে ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। জবাবে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, অনেক ক্ষেত্রে তাঁরা এটা করছেন। তবে পর্যাপ্ত লোকবল, তদন্ত কর্মকর্তা ও গবেষণা কর্মকর্তার অভাবে কমিশন প্রত্যাশিত পর্যায়ের কাজ করতে পারছে না।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে ‘জাতীয় মানবাধিকার কমিশন: এগিয়ে যাওয়ার প্রত্যয়’ শীর্ষক এক কর্মশালায় এসব প্রসঙ্গ আসে। মানবাধিকার কমিশন আয়োজিত এই কর্মশালায় বলা হয়, মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার, বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। তবে এ ক্ষেত্রে সরকারের ভূমিকাই প্রধান। আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী। জাতীয় মানবাধিকার কমিশন আইন বর্তমান সরকারই পাস করেছে। এ আইনে মানবাধিকারের ২০টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে কমিশন ব্যবস্থা নেবে ও সরকারকে সুপারিশ করবে। আইনমন্ত্রী বলেন, দেশে কোন ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়, কারা করে থাকে, কোন ধরনের মানুষ এর শিকার হয়—এ বিষয়গুলো কমিশনের দেখা উচিত। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে তাদের বিচারের সম্মুখীন করা হবে। তিনি মানবাধিকার কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমরা বলব না কালকেই মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে। তবে এটি উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা সম্ভব। এ জন্য আমরা পাঁচ বছরের জন্য একটি কার্যপদ্ধতি ও কৌশল নির্ধারণ করেছি।’ তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে সরকার ও নাগরিক সমাজের সর্বাত্মক সহযোগিতা ছাড়া মানবাধিকার কমিশন কার্যকর হতে পারেনি। কমিশনের একটি গবেষণা ও তদন্ত দল দরকার। আমাদের লোকদের তদন্তকাজে প্রশিক্ষিত করতে হবে, যাতে তাদের তদন্তকাজের জন্য অন্য বাহিনীর মুখাপেক্ষী হতে না হয়।’চেয়ারম্যান জানান, ২০০৮ সালের ডিসেম্বরে কমিশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ২১৩টি অভিযোগ এসেছে। এর মধ্যে ১৩০টির নিষ্পত্তি হয়েছে। নিউজিল্যান্ডের মানবাধিকার কমিশনের সাবেক সদস্য পিটার হস্কিং বলেন, কার্যকর কমিশনকে অবশ্যই স্বাধীন হতে হবে। কাজের আওতা ও ক্ষমতা সুনির্দিষ্ট থাকতে হবে। তাদের কাছে সবার সহজগম্যতা থাকতে হবে। প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের কাছে কমিশনকে পৌঁছাতে হবে। সর্বোপরি জাতির কাছে কমিশনের জবাবদিহি থাকতে হবে।বাংলাদেশে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন প্রিজনার বলেন, কার্যকর মানবাধিকার কমিশনের জন্য সরকারের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারকে পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও অন্যান্য কারিগরি সহায়তা দিতে হবে। আশা করি, সরকার তা করবে।