টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের ভেতরে ও বাইরে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক দোকান। এসব দোকানের কারণে নষ্ট হয়েছে মার্কেটের পরিবেশ। এর সঙ্গে যুক্ত হয়েছে চাঁদাবাজি, জলাবদ্ধতা, মাত্রাতিরিক্ত গরমের সমস্যা। দিন দিন কমছে ক্রেতার সংখ্যা।
‘মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ নিয়ে গতকাল সোমবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করে পুলিশের ওয়ারী বিভাগ ও রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতি। এই মার্কেটটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি।
মার্কেটের দোকানমালিকদের পক্ষে মো. মিলন বলেন, মার্কেটের ভেতরে-বাইরে নকশাবহির্ভূত দুই শতাধিক অবৈধ দোকান গড়ে উঠেছে। এসব দোকান থেকে চাঁদা তোলেন মার্কেট সমিতির স্বঘোষিত সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু। এতে মার্কেটের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন সময় এই মার্কেটে নামে-বেনামে অনেক চাঁদা ওঠানো হয়। কিন্তু মার্কেট সমিতির লোকজন তার সঠিক হিসাব দেন না। কেউ হিসাব চাইলে তাঁকে হয়রানির শিকার হতে হয়।
দোকানমালিকদের এসব অভিযোগ উপস্থিত থেকে শোনেন কাউন্সিলর ময়নুল হক মঞ্জু। কিন্তু তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে মার্কেটের পুরো জায়গা ইজারা নিয়েছে মার্কেট সমিতি। তাই সমিতির খরচ মেটাতে মার্কেটের বিভিন্ন স্থানে ১৫ থেকে ১৬টি দোকান নির্মাণ করা হয়েছে। এর বাইরে তাঁদের কোনো দোকান নেই। চাঁদা তোলার অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি উল্টো অভিযোগ করেন, কিছু দোকানি চাঁদাবাজির অজুহাত তুলে মার্কেটটিকে ধ্বংস করতে চাইছেন।
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন বলেন, ‘এই মার্কেটের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে দোকানমালিকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ সমস্যা তাঁদের নিজেদেরই মেটাতে হবে। তারপরও চাঁদাবাজির কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, মার্কেটের ভেতরে-বাইরে অবৈধ দোকানে চাঁদাবাজির বিষয়ে অনেকেই অভিযোগ করেছেন। এসব দোকান উচ্ছেদের দায়িত্ব মার্কেট সমিতির। পুলিশের সহযোগিতা লাগলে তা করা হবে। কিন্তু নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। তিনি বলেন, এই মার্কেটের সভাপতি সিটি করপোরেশনের কাউন্সিলর। তাঁকে দায়িত্ব নিয়ে এই মার্কেটের জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে হবে।
পুলিশের ওয়ারী বিভাগের এসি সোহেল রানা বৈঠকে উপস্থিত ছিলেন।