সরকারের কাছে থাকা ধানমন্ডির একটি পরিত্যক্ত বাড়ি অবমুক্ত (ছেড়ে দেওয়ার) করার পর নথি গায়েবের সঙ্গে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
মন্ত্রণালয়ের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রীর সম্মতিতে তাঁর দপ্তরের বা তাঁর বাসার কেউ নথি গায়েবের সঙ্গে জড়িত থাকতে পারে।
ধানমন্ডি ১ নম্বর সড়কের ১৩৯/১(এ) নম্বরের পরিত্যক্ত বাড়ি অবমুক্তির আদেশ বাতিল, নিবন্ধন বইয়ের পাতা ছেঁড়া, নথিপত্র পাঁচ মাস আটকে রাখা এবং সর্বশেষ অবমুক্তির আদেশ বাতিল-সংক্রান্ত কাগজপত্র গায়েব হওয়ার বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে।
গত ৩০ ডিসেম্বর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবীবুর রহমানকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের ১০ জন কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে গত বুধবার প্রতিবেদন দেয় কমিটি।
আলোচিত ওই বাড়ি ৩১ কাঠা জমির ওপর। স্বাধীনতাযুদ্ধের সময় এর অবাঙালি মালিক বাড়িটি ফেলে চলে যান। পরে বাড়িটি সরকারের পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। স্বাধীনতার প্রায় ২৪ বছর পর মালিক এস নেহাল আহমেদ কোর্ট অব সেটেলমেন্টে সরকারের বিরুদ্ধে মামলা করেন। তখন তাঁর পক্ষে রায় দেন আদালত।
গত বছর মার্চ মাসে বাড়ির দখল বুঝে পেতে পূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন এস নেহাল আহমেদ। এরপর ২৯ মার্চ মন্ত্রণালয়ের তদারকি সেলের তৎকালীন উপসচিব হেমায়েত হোসেন তদন্ত করে নেহালের পক্ষে প্রতিবেদন দেন এবং পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাড়িটি অবমুক্ত করার সুপারিশ করেন।
তদন্ত প্রতিবেদন ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এস নেহাল আহমেদকে কাগজপত্রসহ গত বছরের ২৪ জুলাই গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি আসেননি। এ অবস্থায় তৎকালীন সচিব খন্দকার শওকত হোসেন বাড়িটি অবমুক্ত করার প্রস্তাব দেন এবং সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান তাতে স্বাক্ষর করেন। ৬ আগস্ট বাড়িটি অবমুক্তির নির্দেশ জারি করে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, দাবিদার না আসার পরও অবমুক্তির আদেশ জারি হলে মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা আপত্তি জানান। পরে সচিব অবমুক্তির আদেশ বাতিল, নামজারি বন্ধ ও দখল হস্তান্তর না করার উদ্যোগ নেন। এরপর পাঁচ মাস নথিটি সাবেক প্রতিমন্ত্রীর দপ্তরে ছিল বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। দায়িত্ব ছাড়ার আগে প্রতিমন্ত্রী নথিটি ফেরত দেন। তখন দেখা যায়, নথিতে অবমুক্তির আদেশ বাতিলের চিঠি, নোটশিটের পাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। তখন তদন্ত কমিটি গঠন করেছিলেন সাবেক সচিব।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের সেসময়কার সহকারী সচিব আবদুল মালেক পাঠানের মৌখিক নির্দেশে নিবন্ধনভুক্ত করে নথিটি সাবেক প্রতিমন্ত্রীর দপ্তরে দেওয়া হয়। প্রতিমন্ত্রীর অফিস সহকারী আনোয়ারুল ইসলামের স্বাক্ষরও নিবন্ধন খাতায় রয়েছে। ১৭ নভেম্বর সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা দেখতে পান প্রতিমন্ত্রীর দপ্তরে ‘গ্রহণ-সম্পর্কিত এন্ট্রি সংশ্লিষ্ট পাতাটি’ নিবন্ধন বই থেকে কে বা কারা ছিঁড়ে নিয়ে গেছে। ১৮ নভেম্বর নথিটি প্রতিমন্ত্রীর দপ্তর থেকে তাঁর অফিস সহকারী যুগ্ম সচিবের কক্ষে রেখে যান।
তদন্ত কমিটি প্রতিবেদনে বলেছে, নথি পরীক্ষা করে দেখা গেছে, প্রতিমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে একটি আদেশ দিয়েছেন যেখানে অবমুক্তি-সংক্রান্ত আদেশটি বহাল রাখা হয়েছে। কিন্তু অবমুক্তির আদেশ যে বাতিল করা হয়েছিল, সেই নোটশিট এবং জারি করা চিঠি নথিতে নেই।
কমিটির মতামত: তদন্তে প্রমাণিত হয়েছে চিঠি ও নোটশিটের পাতা গায়েব হয়েছে সাবেক প্রতিমন্ত্রীর সম্মতিতে তাঁর দপ্তর বা বাসা থেকে। নথিটি প্রতিমন্ত্রীর অফিস সহকারী আনোয়ারুল ইসলাম তাঁর দপ্তরে গ্রহণ করেন এবং শাখায় ফেরত দেন। নিবন্ধন বইয়ে তাঁর সই ছিল। তাই নিবন্ধন বইয়ের পাতা ছেঁড়ার পেছনে তাঁর হাত থাকতে পারে। কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে কোনো বিশেষায়িত সংস্থা দিয়ে বিষয়টি তদন্ত করার সুপারিশ করে।
জানতে চাইলে সাবেক গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘নেহাল আহমেদের পরিচয় ভুয়া জানতে পেরে আমিই বাড়ি অবমুক্ত করার আদেশ বাতিলের নির্দেশ দিয়েছিলাম।’
নোটিশ পাওয়ার পর বাড়ির দাবিদার মন্ত্রণালয়ে উপস্থিত না হওয়া সত্ত্বেও কেন অবমুক্তির অনুমোদন দিয়েছিলেন—জানতে চাইলে আব্দুল মান্নান খান বলেন, ‘সচিব প্রস্তাব দিয়েছেন আর আমি অনুমোদন করেছি। এ ছাড়া আদালতের নির্দেশও ছিল।’ আদেশ বাতিলের কাগজপত্র গায়েব বিষয়ে তিনি বলেন, ‘যার নিয়ন্ত্রণে নথি ছিল সেই কাগজপত্র সরিয়েছে।’
সাবেক গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী নন, আমিই এ বাড়ি অবমুক্তি বাতিল করার আদেশ দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘আমি পর্যালোচনা করে দেখেছি, পরিত্যক্ত সম্পত্তি অবমুক্ত করার আদেশ ভুল ছিল। তাই তা বাতিল করেছি। তবে এখনো আদেশ বাতিলের মূল নোটশিট পাওয়া যায়নি।’
শওকত হোসেন এখন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব।