অভিযোগের ছড়াছড়ি গোসাইরহাটে
অনেক দিন কোনো নির্বাচনে ভোট দেননি জয়তুন্নেছা বেগম (৬৫)। গতকাল বুধবার উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিতে এলেন। ব্যালট পেপার নিলেন সহকারী প্রিসাইডিং অফিসারের কাছ থেকে। কিন্তু ব্যালট পেপারটি কেড়ে নিলেন ছাত্রলীগের এক নেতা। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে সিল মেরে তিনি ব্যালটটি পুরে দিলেন বাক্সে।
সরেজমিনে এই দৃশ্য দেখা গেল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে। ভোট দিতে না পেরে ওই বৃদ্ধা বললেন, তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি।
ওই কক্ষের সহকারী প্রিসাইডিং অফিসার আবদুল মালেক জানালেন, ব্যালট দেওয়ার পর ভোটারের দায়িত্ব সিল মেরে তা বাক্সে ফেলা। কিন্তু অনেক ভোটারের মধ্যে কী ঘটেছে তা তিনি জানেন না।
জয়তুন্নেছা ছাড়াও কয়েকজন ভোটার একই অভিযোগ করেন। প্রায় এক ঘণ্টা ওই কেন্দ্রে অবস্থানকালে এভাবে ভোট দিতে দেখা যায়।
ভোটকক্ষে অবস্থানের কারণ জানতে চাইলে স্থানীয় ছাত্রলীগের ওই নেতা রেদোয়ান আহমেদ বলেন, তাঁর স্ত্রী ও স্বজনেরা ভোট দিতে এসেছেন। এ জন্য তিনিও ভেতরে ঢুকেছেন। কোনো ভোটারের হাত থেকে ব্যালট কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, কেউ তাঁকে এমন কোনো অভিযোগ করেনি। নির্দিষ্ট কয়েকটি তথ্য দেওয়ার পর তিনি বলেন, ‘পরিস্থিতি তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন।’
ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহেদ পারভেজ আব্বাস মোল্লা দুপুর ১২টায় ভোট বর্জনের ঘোষণা দেন। তাঁর অভিযোগ, সরকারি দল-সমর্থিত প্রার্থী সৈয়দ নাসিরউদ্দিনের সমর্থকেরা ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৫টিতেই তাঁর এজেন্টদের বের করে দিয়েছেন। প্রিসাইডিং অফিসারের সামনে ব্যালটে নাসিরউদ্দিনের প্রতীকে সিল মারা হয়েছে।
অবশ্য শাহেদ পারভেজের অভিযোগ অনুযায়ী ৩৫টি কেন্দ্রে এমন কিছু না ঘটলেও সরেজমিনে বেশ কয়েকটিতে দেখা যায় অনিয়ম। দক্ষিণ রাণীসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েতুল করিম তাঁর সমর্থকদের নিয়ে ব্যালটে সিল মেরেছেন বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপির কর্মীরা। তবে এনায়েতুল করিম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই কেন্দ্রে তিনি নিজের ভোট দিতে গিয়েছিলেন।
লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নারী ভোটার মাকসুদা বেগম (৪০) চিৎকার করে বলছেন, ‘আমাগো ভোট কেউ লয় না। খেদাইয়া (বের করে) দিছে। সকাল আটটার তনে (থেকে) ১০টার মইধ্যে সব ভোট বাক্সে ভরা অইয়া গেছে।’
প্রধান প্রতিদ্বন্দ্বী শাহেদ পারভেজ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর পাল্টে যায় গোসাইরহাটে নির্বাচনের চিত্র। নাসিরউদ্দিনের সমর্থকেরা আগাম উচ্ছ্বাস প্রকাশ শুরু করেন। কারণ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী গত সোমবার রাতে নির্বাচনের মাঠ ছাড়ার ঘোষণা দিয়ে মঙ্গলবার ঢাকায় চলে গেছেন। তাঁকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এরপর গতকাল শাহেদ পারভেজের নির্বাচন বর্জনের ঘোষণায় উপজেলাজুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা।
শাহেদ পারভেজের অভিযোগ অস্বীকার করে নাসিরউদ্দিন বেলা দুইটার দিকে উপজেলা পরিষদের সামনে প্রথম আলোকে বলেন, ৩৯টি কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো কর্মী ওই বিএনপি নেতার ছিল না। এলাকার মানুষের সঙ্গে বিচ্ছিন্ন থাকায় এবং পরাজয় বুঝতে পেরেই তিনি নির্বাচন থেকে সরে গেছেন। ব্যালট কেড়ে নেওয়ার ঘটনা সম্পর্কে তিনি বলেন, টুকিটাকি কিছু ঘটনা হয়তো ঘটেছে। কিন্তু এত সুন্দর নির্বাচন গোসাইরহাটে কখনো হয়নি।
বিগত উপজেলা পরিষদ ও কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন নাসিরউদ্দিন।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোসা. কামরুন্নাহার বলেন, ‘একজন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের আবেদন পেয়েছি। ভোটকেন্দ্রে কিছু অনিয়মের মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গতকাল জেলার ডামুড্যা. জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনও হয়েছে।