কিশোরগঞ্জের ভৈরব থেকে কাবিখা প্রকল্পের চাল বহনকারী একটি ট্রাক (সিলেট-ট ১১-০০৬৭) আটক করেছে পুলিশ। ট্রাকটিতে সরকারি সিলসংবলিত ১৫ টন চাল ছিল। তবে চালক কৌশলে পালিয়ে গেছেন।গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযুদ্ধের সঞ্চৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ এলাকা থেকে এই চাল জব্দ করা হয়। পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাংসদ আফজাল হোসেনের ছোট ভাই আশরাফ হোসেন ও এবং যুবলীগের কর্মী তৌফিক আহমেদ বাজিতপুর খাদ্য গুদামের অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আঁতাতের মাধ্যমে দুই ট্রাক চাল লোড নিয়েছে। দুটি ট্রাকে কাবিখা প্রকল্পের অন্তত ৩০ টন চাল ছিল। এই চাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নিয়ে এক ব্যবসায়ীর মাধ্যমে বিক্রির কথা ছিল।গোয়েন্দা অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পর সন্ধ্যার পর থেকে পুলিশের একটি দল বাসস্ট্যান্ডের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে অবস্থান নেয়। রাত নয়টার দিকে ট্রাকটি আটক হয়। পরে কাগজপত্র দেখানোর কথা বলে কৌশলে পালিয়ে যান চালক। পুলিশ চালসহ ট্রাকটি থানায় নিয়ে আসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর মো. আজিমের উপস্থিতিতে চাল জব্দ করা হয়। তবে অপর ট্রাকটি আটক করা যায়নি। পরে জানতে পেরেছে একটি ট্রাক আটক হওয়ার কথা জেনে পেছনের ট্রাকটি সড়ক পরিবর্তন করে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে ভৈরব থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চালগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল বলে উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে আটকের কিছু সময় পর থেকে আশরাফ হোসেন নামে এক ব্যক্তি সাংসদ আফজাল হোসেনের ছোট ভাই পরিচয় দিয়ে চাল ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। চালগুলো তাঁর এবং যুবলীগের কর্মী তৌফিক আহমেদের বলে দাবি করেন। ছেড়ে দিতে অসম্মতি জানালে আশরাফ হোসেন মুঠোফোনে পুলিশকে গালমন্দ করেন। পরে পুলিশি জেরার মুখে তিনি তাঁর অবস্থান থেকে সরে আসেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘গোয়েন্দা অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পর আমরা অভিযানে যাই। জব্দকৃত চালগুলো ৫০ কেজির বস্তা, সরকারি সিলসংবলিত। চালের নমুনা আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।’ অভিযোগ বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। জব্দ করা চাল তাঁর নয় দাবি করে তিনি বলেন, ‘আমি চাল ব্যবসা করি না। চালগুলো মূলত যুবলীগের কর্মী তৌফিক আহমেদের। আটক করার পর আমি তাঁর হয়ে বিষয়টি জানতে ভৈরব থানার ওসিকে ফোন দিয়েছিলাম।’ ঘটনার পর থেকে তৌফিক আহমেদের মুঠোফোনটি বন্ধ রয়েছে।বাজিতপুর খাদ্য গুদামের ওসি মিজানুর রহমান বলেন, ‘ভৈরবে জব্দ হওয়া চাল আমাদের গুদামের নয়। গত মাসের ৩০ তারিখের পর কাবিখা প্রকল্পের কোনো চাল সরবরাহ দেওয়া হয়নি। ধরা পড়ার পর বাঁচার জন্য হয়তো আমাদের গুদামের নাম বলে থাকতে পারে।’ তবে নাম প্রকাশ না করার শর্তে খাদ্য গুদামের এক কর্মচারী জানিয়েছেন, আফরাফ হোসেন ও তৌফিক আহমেদের ইঙ্গিতে বৃহস্পতিবার দুই ট্রাক চাল লোড হয়।