অভিযোগের প্রমাণ পায় না বিএমডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা বা ভুলের অভিযোগের প্রমাণ পাচ্ছে না বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গত এক বছরে পাঁচটি ঘটনার নিষ্পত্তি করেছে বিএমডিসি। তাতে কোনো চিকিৎসকের দোষ পায়নি। সরকারি এই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ উঠেছে।
স্বাধীনতার পর থেকে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা ও ভুলের কত অভিযোগ জমা পড়েছে, সেই হিসাব প্রতিষ্ঠানে নেই। নানা অভিযোগের হিসাব রাখা হচ্ছে ২০০৪ সাল থেকে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৩৩টি অভিযোগের হিসাব আছে তাদের। এর মধ্যে কত অভিযোগ চিকিৎসায় ভুল বা অবহেলার, তার পৃথক হিসাব নেই। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট শাখার একজন কর্মচারী বলেছেন, অধিকাংশ অভিযোগ আসে চিকিৎসকদের ভুয়া ডিগ্রি ব্যবহারের বিরুদ্ধে। চিকিৎসায় ভুল বা অবহেলার অভিযোগ কম।
চিকিৎসকদের পেশা চর্চার অনুমতি দেয় বিএমডিসি। অসদাচরণ, অবহেলা বা ভুলের কারণে রোগীর ক্ষতি হলে সেই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এমনকি নিবন্ধন বাতিল করতে পারে বিএমডিসি। তবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দুজন চিকিৎসকের নিবন্ধন বাতিল করেছে এই প্রতিষ্ঠান। প্রথমটি কুমিল্লার একটি বেসরকারি ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায়। দ্বিতীয় ঘটনায় নিবন্ধন বাতিলের সঙ্গে চিকিৎসার সম্পর্ক ছিল না।
বিএমডিসির শৃঙ্খলা কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক এম এ রশিদ জানিয়েছেন, গত এক বছরে ভুল বা অবহেলায় রোগীর ক্ষতি বা মৃত্যুর পাঁচটি অভিযোগের নিষ্পত্তি করেছে বিএমডিসি। তিনি বলেন, ‘আমরা প্রতিটি অভিযোগই গুরুত্ব দিই। যেসব ঘটনা বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত করেছি, তাতে অভিযোগের প্রমাণ পাইনি।’
রাজধানীর সেগুনবাগিচার এক নারী সম্প্রতি রমনা পার্কে সকালে হাঁটার সময় পায়ে আঘাত পান। রাজধানীর একটি ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনেরা বিএমডিসির কাছে অভিযোগ করেন, ভুল চিকিৎসায় ওই নারীর মৃত্যু হয়েছে। স্বজনেরা ঘটনার তদন্ত ও দোষী চিকিৎসকের শাস্তি দাবি করেন। গত জানুয়ারি বিএমডিসির শৃঙ্খলা কমিটির সভায় আরও পাঁচটি অভিযোগের সঙ্গে এই ঘটনাটি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়। এম এ রশিদ বলেন, ‘দেশের চারজন শীর্ষ চিকিৎসককে নিয়ে ওই নারীর ঘটনা তদন্ত করা হয়। চিকিৎসা বা প্রক্রিয়াগত ত্রুটি পাওয়া যায়নি। হাসপাতালের অবেদনবিদেরও (অ্যানেসথেটিস্ট) ত্রুটি পাওয়া যায়নি।’
রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে গত বছর ২ ডিসেম্বর এক প্রসূতির মৃত্যু হয়। মৃতের স্বামী এ বছরের ৮ জানুয়ারি বিএমডিসিতে অভিযোগ করে বলেছেন, নবজাতক নিয়ে বাড়ি ফেরার সব প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। একটি ওষুধ প্রয়োগে তাঁ স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর সঠিক খবর তাঁদের জানানো হয়নি। পরদিন স্ত্রীকে অন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, রোগী মৃত। গুলশানের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় একই ধরনের অভিযোগ পেয়েছে বিএমডিসি। এই দুটি ঘটনা তদন্তে চিকিৎসকদের নিয়ে তদন্ত কমিটি করেছে সংস্থাটি।
দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘ভুল বা অবহেলার অভিযোগ প্রমাণ করা খুব কঠিন। তারপর অনুসন্ধান করেন চিকিৎসকেরা। একই পেশার হওয়ার কারণে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসার সঙ্গে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় যেমন জড়িত থাকে, তেমনি থাকে আধুনিক প্রযুক্তির সম্পৃক্ততা। রোগীর কোনো ক্ষতি হলে বা মৃত্যু হলে প্রথম ধাক্কাটা আসে ডাক্তারের ওপর। ভুল বা অবহেলা হতেই পারে। তার জন্য ডাক্তার দায়ী হতে পারেন। অন্য কেউ হতে পারেন। তবে প্রায় সব ক্ষেত্রে ডাক্তারকেই দায়ী করা হয়।’
২০১৬ সালের ৩ মে যুক্তরাজ্যের প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজি) প্রকাশিত ‘মেডিকেল এরর: দ্য থার্ড লিডিং কজ অব ডেথ ইন দ্য ইউএস’ শীর্ষক প্রবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিবছর আড়াই লাখ লোকের মৃত্যু হয় চিকিৎসায় ভুলের জন্য। এটি ওই দেশে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। ওই প্রবন্ধে বলা হয়েছে, চিকিৎসায় ভুলের কারণে মৃত্যুর বিষয়টি অনেক দেশেই স্বীকৃত না। আর স্বীকৃত না বলেই এই ভুল দূর করার কোনো উদ্যোগও সেসব দেশে নেই।
বিএমজিতে প্রকাশিত তথ্য জানার পর রশীদ-ই-মাহবুব ও এম এ রশিদ দুজনেই বলেছেন, চিকিৎসকদের ভুল সব দেশেই হয়। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা প্রতিষ্ঠিত ধারণা যে, চিকিৎসকের ভুলে বা অবহেলায় রোগীর মৃত্যু হচ্ছে। অভিজ্ঞতা থেকে এই ধারণা হয়েছে।’ তিনি আরও বলেন, যত ঘটনা ঘটে সংবাদপত্রে বা গণমাধ্যমে তার কমই আসে। বিএমডিসিতে অভিযোগ জমা পড়ে আরও অনেক কম।
রশীদ-ই-মাহবুব বলেন, চিকিৎসকের অদক্ষতা, ভুল বা অবহেলায় রোগীর মৃত্যু হয়। বর্তমান ব্যবস্থায় এর বিচার সাধারণ মানুষ পাচ্ছে না। অন্যদিকে ডাক্তারও পার পেয়ে যাচ্ছেন। তিনি বলেন, ডাক্তার কী চিকিৎসা দিচ্ছেন, এই চিকিৎসার ঝুঁকি কী আছে, বিকল্প কী আছে—এসব জানিয়ে চিকিৎসা করলে ভুল চিকিৎসার অভিযোগ কম উঠবে।
ব্রিটিশ মেডিকেল জার্নালে বলা হয়েছে, মানবিক ভুল অনিবার্য। তবে চিকিৎসায় ভুল হলে প্রথম কাজ হচ্ছে ভুলটাকে দৃশ্যমান করা, যেন সেই ভুলের ক্ষতি কমাতে উদ্যোগ নেওয়া যায়। ভুল হলে তার প্রতিকার কী হবে, তা হাতের কাছে রাখা দরকার। আর কিছু নীতি মেনে চলতে হবে, যেন ভুল কম হয়। এই তিন স্তরের কাজের জন্য চিকিৎসায় ভুলের নির্ভরযোগ্য উপাত্ত দরকার।
ইফতেখারুজ্জামান বলেছেন, চিকিৎসকদের পেশাজীবী সংগঠনকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে। আর সরকারকে একটি নিরপেক্ষ কর্তৃপক্ষের ওপর চিকিৎসার মান পর্যবেক্ষণ ও বিশেষ ঘটনা তদন্তের ক্ষমতা দিতে হবে।