অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। যুক্তিতে আসামিপক্ষ দাবি করেছে, মুজাহিদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের একটির সঙ্গেও রাষ্ট্রপক্ষ তাঁর সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও মুন্সি আহসান কবির আসামি মুজাহিদের বিরুদ্ধে আনা সপ্তম ও শেষ অভিযোগের বিষয়ে যুক্তি দেন। আইনগত বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।যুক্তি উপস্থাপনের একপর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদকে চোখের পানি মুছতে দেখা যায়।প্রথমে মুন্সি আহসান কবির যুক্তিতে বলেন, সপ্তম অভিযোগ অনুসারে, একাত্তরের ১৩ মে ফরিদপুরে আলবদর নেতা মুজাহিদ এবং অন্যরা ঘটনা ঘটান। কিন্তু একাত্তরের ২১ মে শেরপুরে প্রথম আলবদর বাহিনী গঠিত হয়। তাহলে মুজাহিদ কীভাবে তখন আলবদর নেতা হলেন? বলা হয়েছে, ওই সময় তিনি পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু ওই সময় তিনি ঢাকা জেলা ছাত্র সংঘের সভাপতি ছিলেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী চিত্তরঞ্জন সাহা ঘটনা নিজে দেখেননি, শুনেছেন। তাঁর সাক্ষ্যে ঘটনায় মুজাহিদের থাকার বিষয়টি প্রমাণিত হয় না।আইনজীবী বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা যথাযথ তদন্ত করেননি। যাঁদের সাক্ষী করলে প্রকৃত ঘটনা জানা যেত, তিনি তাঁদের সাক্ষী করেননি।মুন্সি আহসান কবির বলেন, মুজাহিদ পাঁচ বছর মন্ত্রী ছিলেন, তাঁর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। এ সময় ট্রাইব্যুনাল বলেন, এটি এই মামলার সঙ্গে প্রাসঙ্গিক নয়। এ সময় আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদের চোখে পানি দেখা যায়। তিনি হাত দিয়ে চোখের পানি মোছেন। তা দেখে ট্রাইব্যুনালে আসা মুজাহিদের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে যুক্তিতে সৈয়দ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ মুজাহিদকে সম্পৃক্ত করে ট্রাইব্যুনালে যেসব পত্রিকার প্রতিবেদন দাখিল করেছে, তা নির্ভরযোগ্য নয়। ২০০৭ সালের ৩১ আগস্ট ভোরের কাগজ পত্রিকায় যে প্রতিবেদনে মুজাহিদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেখানে একাত্তরের ২৪ এপ্রিলের দৈনিক সংগ্রাম পত্রিকার রেফারেন্স দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষ দৈনিক সংগ্রাম পত্রিকার ওই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে পারেনি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘ওই প্রতিবেদনকে মিথ্যা প্রমাণের সুযোগ তো আসামিপক্ষেরও ছিল। আপনারা কেন তা ট্রাইব্যুনালে আনেননি?’ এ সময় আইনজীবী বলেন, তাঁরা ওই দিনের পত্রিকা খুঁজে পাননি।

ট্রাইব্যুনাল বলেন, ভোরের কাগজ পত্রিকার প্রতিবেদনটি নিয়ে তো দৈনিক সংগ্রাম ২০০৭ সালে কোনো প্রতিবাদও করেনি। আইনজীবী বলেন, হয়তো তারা তা দেখেনি।

মিজানুর রহমান বলেন, মুজাহিদ ছাত্র সংঘের নেতা ছিলেন। কিন্তু কোনো নথিতে তাঁকে আলবদর, আলশামস, রাজাকার উল্লেখ করা হয়নি। একাত্তরের পর তাঁর বিরুদ্ধে কোনো মামলাও হয়নি। শেষ পর্যায়ে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মুজাহিদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের একটির সঙ্গেও মুজাহিদের সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি।