অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে গতকাল রোববার রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানির জন্য ১৭ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ও ঋষিকেশ সাহা। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। ঋষিকেশ সাহা শুনানিতে ইউসুফের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগগুলো পড়ে শোনান। শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে ঋষিকেশ সাহাকে বলেন, ‘বিভিন্ন অপরাধের সঙ্গে ইউসুফের সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট বর্ণনা দিন। আপনার শুনানি থেকে এগুলো পরিষ্কার হচ্ছে না।’ পরে শুনানি করেন সৈয়দ হায়দার আলী। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন।