অভিযোগের বিষয়ে শুনানি ২১ আগস্ট পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন।
গতকাল মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিরোধিতা করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল-আমীন। আসামির কাঠগড়ায় মীর কাসেমের উপস্থিতিতে শুনানিতে তানভীর আহমেদ দাবি করেন, আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে নানা দুর্বলতা রয়েছে। এ ছাড়া দীর্ঘ ৪০ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। ক্ষমতাসীন দল এর আগেও একবার ক্ষমতায় এসেছিল। তখন সুযোগ পেলেও তারা এ বিচার করেনি। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ প্রণয়ন করা হয়েছিল ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচারের জন্য। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা অসৎ উদ্দেশে ও রাজনৈতিক কারণে জামায়াত নেতাদের এই ট্রাইব্যুনালে বিচারের আওতায় এনেছেন।
একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, কোনো পক্ষ (রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষ) না বললেও ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে আইনগত ব্যাখ্যা দিতে পারেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) কীভাবে বলল ট্রাইব্যুনাল নিজে থেকে তদন্ত করেছে? আসামিপক্ষের আইনজীবী বলেন, তিনি এইচআরডব্লিউর প্রতিবেদন পড়েননি। ট্রাইব্যুনাল অবশ্যই নিজ উদ্যোগে আইনগত ব্যাখ্যা বা যুক্তি তুলে ধরতে পারেন, শুধু নতুন কোনো সাক্ষ্য সংযুক্ত করতে পারেন না।
জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিচারপ্রক্রিয়া ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে গত শুক্রবার এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলে, ট্রাইব্যুনালের বিচারকগণ নিজ উদ্যোগে তদন্ত করেছেন। কিন্তু বিদ্যমান আইন অনুসারে তাঁরা তা পারেন না।
বিকেলে দিনের কার্যক্রমের শেষ পর্যায়ে তানভীর আহমেদ বলেন, আইনগত বিষয়ে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক শুনানি করবেন। আসামিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য রাষ্ট্রপক্ষ সময়ের আরজি জানায়। পরে ট্রাইব্যুনাল ২১ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন।
গত ২৫ জুলাই মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ।