অভিযোগের শেষ নেই সেই রাব্বীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত পল্লি জল্লা ইউনিয়নে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হাওলাদারের রিরুদ্ধে একাধিক ধর্ষণ, বখাটেপনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা মামলা করারও সাহস পায় না। পুলিশও ভুক্তভোগীদের সহায়তা করে না। সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।গতকাল বুধবার সকালে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাব্বি হাওলাদার ও তাঁর সহযোগীদের অপকর্ম ঢাকার জন্য তাঁরা বরাবরই সরকারি দলের ছত্রচ্ছায়ায় থাকে। বর্তমানে যুবলীগ নেতা পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন রাব্বি। নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসীর কয়েকজন জানান, গত জানুয়ারিতে রাব্বি সহযোগীদের নিয়ে পাশের গ্রামের একাদশ শ্রেণীর এক ছাত্রীর পথরোধ করে টানাহেঁচড়া ও প্রকাশ্যে তার গায়ে হাত দেয়। কিছুদিন আগে বাহেরঘাট গ্রামের এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অসামাজিক কাজে বাধ্য করে তা ভিডিও করে রাখে এবং পরবর্তী সময়ে তাকে সঙ্গ দিতে বাধ্য করে। একপর্যায়ে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। আরও জানা গেছে, বাহেরঘাট গ্রামে অবস্থানকারী এক কলেজছাত্রীর ছবি কম্পিউটারে কারসাজির মাধ্যমে অন্য একটি নগ্ন ছবির সঙ্গে জুড়ে দেয়। ছবিটি দেখিয়ে ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয় রাব্বি। রাজি না হওয়ায় ছবিটি ওই ছাত্রীর স্বামীর হাতে দিয়ে সংসার ভাঙার চেষ্টা করে। তাঁরা জানান, রাব্বি কারফা গ্রামের দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত। জোরপূর্বক ছবি তুলে স্কুলে আসা-যাওয়ার পথে একজনের শ্লীলতাহানি ঘটায়। নাম প্রকাশ না করার শর্তে সৌদি মার্কেটের এক ব্যবসায়ী জানান, রাব্বি তাঁর সহযোগীদের দিয়ে বেপরোয়াভাবে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ কিংবা মামলা করতে কেউ সাহস পাচ্ছে না। এদিকে জল্লায় ছাত্রী অপহরণ, ধর্ষণ ও মুঠোফোনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণের ঘটনার চার দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রাব্বির নেতৃত্বে তাঁর ক্যাডাররা এলাকায় মহড়া দিচ্ছে। গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা ছাত্রীর বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ায় তাঁর পরিবার এখন এলাকাছাড়া। ধর্ষণের ঘটনা ঘটলেও মামলায় ধর্ষণের চেষ্টার কথা বলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ সম্পর্কে তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার এসআই লুৎফর রহমান বলেন, বাদী যে মামলা লিখে এনেছে তাই লিপিবদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, মামলা যাই হোক, ধর্ষণের আলামাত পাওয়া গেছে। মঙ্গলবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। এ ছাড়া আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও ভিডিওচিত্র উদ্ধারের জোর চেষ্টা চলছে।অভিযোগের ব্যাপারে রাব্বি, উজ্জ্বল ও কুদ্দুসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর রাব্বির পরিবার ঢাকায় চলে গেছে। রাব্বি, উজ্জ্বল ও কুদ্দুসের বিষয়ে উজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি আ. মজিদ বাচ্চু বলেন, ‘ওদের পরিচয় ওরা সন্ত্রাসী, দলের খাতায় তাদের নাম কিংবা দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।’ রাব্বি ও তাঁর সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ‘আমাদের কেউই এসব বিষয় অবহিত করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।’