চট্টগ্রামে ভাঙচুর ও বিস্ফোরক মামলার সাত আসামিকে বাদ দেওয়ার সুপারিশ
অভিযোগের সত্যতা পায় ঠিকানা পায় না পুলিশ!
তাঁরা সাতজন ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি। মামলার এজাহারে পূর্ণাঙ্গ ঠিকানা ছিল দুজনের। বাকি পাঁচজনের নাম ছিল। পুলিশ সাতজনকেই গ্রেপ্তার করে। পরে তাঁরা জামিনে মুক্তি পান। কিন্তু বিস্ময়কর হচ্ছে অভিযোগপত্রে দাবি করা হয়েছে সাতজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাই মামলা থেকে তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। আবার অভিযোগপত্রেই বলা হয়েছে, সাক্ষ্য-প্রমাণে সাতজনের বিরুদ্ধে অপরাধ সংঘটনের সত্যতা মিলেছে।
অভিযোগপত্রে সাত আসামির নাম বাদ দেওয়ায় আদালতে নারাজি আবেদন করেছেন চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নগর পুলিশ কমিশনারকে মৌখিকভাবে জানিয়েছেন তিনি। কৌঁসুলি বলেন, এজাহারে আসামিদের নাম-ঠিকানা ছিল। তাঁরা গ্রেপ্তারও হন। পরে কারাগার থেকে জামিনে মুক্তি পান। তদন্তে অভিযোগের সত্যতা না পেলে কাউকে বাদ দেওয়া ভিন্ন বিষয়। কিন্তু গ্রেপ্তার আসামির নাম-ঠিকানা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ তামাশা ছাড়া আর কিছু নয়।
২০১৩ সালের ২৭ নভেম্বর ২০-দলীয় জোটের হরতাল চলাকালে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে কর্নেলহাট পর্যন্ত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। ওই দিন নগরের আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত জুন মাসে আকবর শাহ থানার উপপরিদর্শক মোহাম্মদ সোলায়মান আদালতে অভিযোগপত্র জমা দেন। তাতে ১৬ আসামির নাম-ঠিকানা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেন তিনি। এর মধ্যে ওই সাতজনও রয়েছেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি বলেন, যেকোনো মামলার তদন্ত শেষে পুলিশ সাক্ষ্য-প্রমাণ না পেলে কাউকে বাদ দিতে পারে অভিযোগপত্র থেকে। কিন্তু এ মামলায় একদিকে পুলিশ বলছে সাক্ষ্য-প্রমাণ পেয়েছে সাত আসামির বিরুদ্ধে, আবার বলছে নাম-ঠিকানা না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হোক। এটি স্ববিরোধী বক্তব্য। মামলার নথিতে সাত আসামির জামিননামা, আইনজীবীর নাম ও স্থানীয় জিম্মাদারের নাম-ঠিকানাও রয়েছে। তাই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে বাদ দেওয়া আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিতে আবেদন করা হয়েছে।
১০ আগস্ট চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করে অব্যাহতির সুপারিশ করা সাত আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে আবেদন করেন। পরে আদালত ৩১ আগস্ট শুনানির দিন ধার্য রাখেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আকবর শাহ থানার এসআই মোহাম্মদ সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘ওই সাতজনের নাম-ঠিকানা সঠিক মনে না হওয়ায় অব্যাহতির সুপারিশ করেছি।’ গ্রেপ্তারের পর তাঁদের নাম-ঠিকানা যাচাই-বাছাই না করে কীভাবে আদালতে পাঠানো হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লোকগুলো খুব খারাপ। কিছু বলতে চায় না।’ জামিননামায় তাঁদের সঠিক নাম-ঠিকানা উল্লেখ থাকার বিষয়ে তিনি বলেন, ‘কখন জামিনে মুক্তি পেয়েছে, তা জানি না। ভবিষ্যতে ওই সাতজনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।’
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, এজাহারে নাম-ঠিকানা থাকলে, তদন্তে সত্যতা পেলে অভিযোগপত্রে কাউকে অব্যাহতির সুপারিশ করার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী জানান, মামলার এজাহারভুক্ত ১৯ নম্বর আসামি আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মো. সোহরাবের ছেলে মো. শামীম এবং ৩ নম্বর আসামি কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর এলাকার আবু তাহেরের ছেলে আবদুল কাদেরকে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরের বছরের ২৮ জানুয়ারি তাঁরা জামিনে মুক্তি পান। এ ছাড়া পুলিশ মো. হান্নান, মো. মানিক, আবু ছিদ্দিক, মো. ইউনুস ও মো. সুমনকে ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার করে। পরের বছরের শুরুতে তাঁরা জামিনে মুক্তি পান।
জানতে চাইলে মো. হান্নান ও মো. মানিকের আইনজীবী সুমন কান্তিনাথ প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারি মাসে দুজনের জামিন নিয়েছিলাম আদালত থেকে। বেশ কিছুদিন ধার্য দিনে তাঁরা হাজিরাও দিয়েছিলেন। এখন কোথায় আছেন জানি না।’