অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিত্সকের অবহেলার কোনো প্রমাণ পায়নি এ ঘটনায় তদন্তে গঠিত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসমাইল হোসেন নামের ওই রোগীকে যখন ফরিদপুর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিত্সাশাস্ত্রের দৃষ্টিতে তিনি তখন প্রায় মৃত ছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইসমাইল হোসেনকে ২ সেপ্টেম্বর রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় তিনি সম্পূর্ণ অচেতন ছিলেন, তাঁর চোখ ছিল স্থির। সিটি স্ক্যান করে দেখা যায়, তাঁর মাথার এমন জায়গায় আঘাত রয়েছে, যেখানে অস্ত্রোপচার করা সম্ভব নয়। চিকিত্সকেরা রোগীর স্বজনকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের অনুরোধ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তখন কোনো শয্যা ফাঁকা ছিল না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শহিদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, রোগীর নথিপত্র ঘেঁটে দেখা যায়, শুক্রবার রাত আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত নয়বার দায়িত্বরত চিকিত্সকেরা তাঁকে দেখেছেন। ঈদের ছুটিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০০ রোগী এসেছেন। তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিল সড়ক দুর্ঘটনায় আহত। অস্ত্রোপচার কক্ষে সার্বক্ষণিকভাবে জরুরি ও মুমূর্ষু রোগীদের অস্ত্রোপচার হয়েছে।উল্লেখ্য, ২ সেপ্টেম্বর বেসরকারি টিভি চ্যানেলের গাড়িচালক ইসমাইল হোসেন শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরদিন বেলা তিনটার দিকে তিনি মারা যান। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক হাসপাতাল পরিদর্শনে গেলে ইসমাইল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম চিকিত্সকের বিরুদ্ধে চিকিত্সা অবহেলার অভিযোগ করেন।স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ওই দিনই শল্যচিকিত্সা বিভাগের অধ্যাপক এম এ হাশেম ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি রোগীর চিকিত্সা-সংক্রান্ত নথিপত্র দেখে। রোগীর স্বজন ও চিকিত্সকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।