ময়মনসিংহের নান্দাইলে উপাধ্যক্ষের বিরুদ্ধে আনা মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
তবে উপাধ্যক্ষ তদন্ত কমিটির কাছে ওই ছাত্রীকে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। এখন তিনি বিষয়টি মীমাংসা করার জন্য ছাত্রীর পরিবারকে প্রচণ্ড চাপে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রীর মা নাদিরা আক্তার বলেন, তাঁর মেয়ে কাকলি আক্তার নান্দাইল উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। তিনি অভিযোগ করেন, ২১ আগস্ট তাঁর মেয়েকে মাদ্রাসার উপাধ্যক্ষ মো. হোসেন আহমেদ সড়কে পিটিয়ে আহত করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়। এ ঘটনায় তিনি উপাধ্যক্ষের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এ ছাড়া তিনি এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানের কাছেও অভিযোগ করেন। থানা-পুলিশ অভিযোগটি এলাকায় গিয়ে তদন্ত করে সত্যতা পেলেও গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি মো. ইউনুস বলেন, ‘ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা করার জন্য এলাকার লোকজন সময় নিয়েছিল। আজকের (সোমবার) মধ্যে কোনো রেজাল্ট না পেলে ছাত্রীর মায়ের দেওয়া অভিযোগটির আইনি রূপ দেওয়া হবে।’
অন্যদিকে ইউএনওর কাছে দেওয়া অভিযোগটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইনুল ইসলামকে। গতকাল তিনি ওই মাদ্রাসায় যান অভিযোগটির বিষয়ে তদন্ত করার জন্য। আইনুল ইসলাম বলেন, তদন্তকালে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে উপাধ্যক্ষ হোসেন আহমেদ তাঁর কাছে দাবি করেন, তিনি কাকলিকে পেটাননি।