অভিযোগের সত্যতা মিলেছে, কার্যাদেশ বাতিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে অনিয়মের মাধ্যমে ৪০ লাখ টাকার সরকারি সম্পদ মাত্র এক লাখ ৮৩ হাজার ৬৫০ টাকায় নিলামে বিক্রির অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই সম্পদের জন্য নিলাম বিক্রির কার্যাদেশও বাতিল করা হয়েছে।উপজেলা টেন্ডার কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন গতকাল বৃহস্পতিবার ওই কার্যাদেশ বাতিল করার নির্দেশ দেন। উপজেলা প্রকৌশলী ও নিলাম কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সরকারদলীয় সমর্থকেরা অনিয়মের মাধ্যমে ৪০ লাখ টাকার সরকারি সম্পদ মাত্র এক লাখ ৮৩ হাজার ৬৫০ টাকায় নিলামে বিক্রি করেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার বাটাজোর-আগরপুর-সরিকল-হোসনাবাদ নলগোড়া সড়কে ১৯৯৯-২০০০ অর্থবছরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে তিনটি লোহার সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। সম্প্রতি সেগুলো ভেঙে নতুন করে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে তিনটি গার্ডার সেতু নির্মাণ করার প্রকল্প গ্রহণ করে বরিশাল এলজিইডি। সেতু তিনটি অপসারণের জন্য নিলাম কমিটি গঠন করা হয়। কমিটি ২৮ মে নিলামের দিন ধার্য করে। নিলামে অংশ নেওয়া পাঁচজনের মধ্যে মেসার্স মো. লাভলু মিয়াকে সর্বোচ্চ দরদাতা দেখিয়ে এক লাখ ৮৩ হাজার ৬৫০ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। এ কমিটির সভাপতি আনোয়ার হোসেন অনিয়ম করে লাভলু মিয়াকে কার্যাদেশ পাইয়ে দিয়েছেন। এ নিয়ে প্রথম আলোতে ‘৪০ লাখ টাকার সম্পদ এক লাখ ৮৩ হাজারে বিক্রি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে। ঠিকাদার লাভলু মিয়া জানান, এক লাখ ৮৩ হাজার টাকায় নিলাম পাইয়ে দেওয়ার জন্য গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন তাঁর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা ঘুষ নিয়েছেন।ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রকৌশলী আনোয়ার হোসেন তিনটি সেতু নিলাম দেওয়ার সিদ্ধান্ত ও নিলাম কমিটি মে মাসের মধ্যে রেজুলেশনভুক্ত না করা হলে উন্নয়নকাজ ব্যাহত হবে বলে তাঁকে জানিয়ে বিষয়টি রেজুলেশনভুক্ত করার অনুরোধ জানান। একই কথা বলে প্রকৌশলী নিলাম কমিটির সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে স্বাক্ষর আদায় করেন। প্রকৌশলী নিজ উদ্যোগে কাগজপত্র তৈরি করে লাভলু মিয়াকে নিলাম পাইয়ে দেন। এ জন্য তিনি যে উৎকোচ নিয়েছেন, তা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার কিছু ভুল আছে, তবে পুরো অভিযোগ সঠিক নয়।’