অভিযোগের সত্যতা মিলেছে, বিদ্যালয় থেকে বেত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় শারীরিক কসরতে অংশ নিতে দেরি করায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী কবিতা আক্তারকে বেত দিয়ে পিটিয়ে আহত করার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।তদন্ত কমিটির প্রধান উপজেলার নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা আক্তার গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ সময় তিনি বিদ্যালয় থেকে উদ্ধার করা ১০-১২টি বেতও জেলা প্রশাসকের কাছে জমা দেন।গত মঙ্গলবার ছুটির পর শারীরিক কসরতে অংশ নিতে দেরি করায় কবিতাকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন উপজেলার রহিমাবাদ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা আক্তার। এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়। পরে জেলা প্রশাসক এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, শুধু সহকারী শিক্ষক আসমা আক্তার নয়, বিদ্যালয়ের মোট পাঁচজন শিক্ষকের মধ্যে তিনজনের বিরুদ্ধেই শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।