অভিযোগের ১০ ভাগ অনুসন্ধান করে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাওয়া অভিযোগের মাত্র ১০ ভাগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৪ এ তথ্য পাওয়া গেছে। সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী এ প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে দেখা যায়, দুদকে প্রাপ্ত অভিযোগ প্রাথমিক যাচাই-বাঁচাই শেষে ৮৮ ভাগই বাদ দেওয়া হয়েছে। বাকি ২ ভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। দুদক তার গৃহীত অনুসন্ধানের থেকে ৯ শতাংশেরও কমসংখ্যক মামলা দায়ের করতে পেরেছে।
প্রতিবেদনের দেখা গেছে, জনসাধারণ, সরকারি ও বেসরকারি দপ্তর, পত্র-পত্রিকা ও আদালতের মাধ্যমে ২০১৪ সালে ১০ হাজার ৪৭৫টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৮১৪টি ছিল তফসিল বহির্ভূত অভিযোগ। এ সব অভিযোগের মধ্যে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে মাত্র ১ হাজার ৫৪টি (১০.০৬ শতাংশ)। আর অনুসন্ধান থেকে বাদ (দুদকে ভাষায় নথিভুক্ত) দেওয়া হয়েছে ৯ হাজার ২০১টি (৮৭.৮৪ শতাংশ)। এ ছাড়া ২২০টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতিবেদনে দেখা গেছে, বিগত বছরের অনিষ্পন্ন অভিযোগসহ ২০১৪ সালে মোট ৭ হাজার ৭৭৫টি অনুসন্ধানের মধ্যে ৩ হাজার ৭৭৫টি নিষ্পত্তি করেছে। এই অনুসন্ধানের ওপর ভিত্তি করে ৩৩৩ টিতে এজাহার দায়ের করা হয়েছে। বাকিগুলো নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুসারে নিষ্পন্ন অভিযোগের মধ্যে মাত্র ৮ দশমিক ৮ শতাংশের ক্ষেত্রে মামলা করা সম্ভব হয়েছে।