অভিযোগ 'খতিয়ে' দেখছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ দিয়ে যান চলাচলের জন্য নির্ধারিত অর্থের চেয়ে বেশি অর্থ নেওয়ার কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

আজ শনিবার নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে চালকদের হাতাহাতি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘টোল বেশি আদায়ের জন্য আমরা কোনো ধরনের অনুমোদন দেইনি। এ ছাড়া গতকাল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক আশিকুর রহমান যানবাহন থেকে কত টাকা টোল আদায় করা হবে, তার ঘোষণাও দিয়েছেন। তবে এর সঙ্গে ভ্যাট যুক্ত হতে পারে। কিন্তু এত বাড়িয়ে টোল নেওয়ার কোনো বৈধতা নেই। সে সময় উদ্বোধনী অনুষ্ঠানে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম উপস্থিত ছিলেন। তিনি তখন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাই টোল বাড়ানোর বিষয়টি অযৌক্তিক।’

বেশি টোল আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ বলেন, ‘আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

আজ শনিবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে ছেড়ে আসা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি উড়ালসড়ক দিয়ে যাচ্ছে। তবে এ সড়ক থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেছেন চালক ও যাত্রীরা। এ নিয়ে চালক ও টোল আদায়কারী কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। এরপর টোল আদায় বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল ১০, সিএনজিচালিত অটোরিকশা ১৮, জিপ গাড়ি ৭০, মাইক্রোবাস ৮৫, পিকআপ ১৩০, মিনিবাস ১৭৩, বাস ২৬০, ট্রাক (চার চাকার) ১৭৩, ট্রাক (ছয় চাকার) ২৬০, ট্রেইলার বা কাভার্ডভ্যান ৩৭৫ ও  প্রাইভেট কার পারাপারের জন্য ৬০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।