অভিলাস ট্রান্সপোর্টের দুই কর্মকর্তার অপসারণ দাবি
অভিলাস ট্রান্সপোর্ট কোম্পানিতে চলাচলরত বাসমালিকদের টাকা বাড়ানোর দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গত রোববার ছোয়াদ আলী নামের এক মালিককে আটক করে পুলিশ। ছোয়াদের মুক্তি এবং অভিলাস ট্রান্সপোর্টের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নয় ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখেন মালিক ও শ্রমিকেরা।এতে ঢাকা-গোপালদী, ঢাকা-মানিকপুর ফেরিঘাট, ঢাকা-বিশনন্দী ও ঢাকা-জাঙ্গালিয়া রোডে চলাচলকারী একমাত্র পরিবহন অভিলাসের বাস বন্ধ থাকে। বাসমালিক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আতাউর রহমান ও আবদুল হালিম সাংবাদিকদের বলেন, ‘অভিলাস ট্রান্সপোর্ট কোম্পানিতে ৫০টির মতো বাস রয়েছে। প্রতিটি বাস ঢাকা থেকে আড়াইহাজারে কমপক্ষে ছয় থেকে সাতবার যাতায়াত করে। প্রতি যাত্রায় আয় হয় দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা। কিন্তু কোম্পানি বাসমালিকদের দেয় ৬৫০ টাকা, চালককে ১০০ টাকা ও চালকের সহকারীকে ৪০ টাকা করে দেয়।’বাসমালিকেরা বলেন, কোম্পানির নেতারা কোনো টাকা বিনিয়োগ না করেই যাত্রাপ্রতি এক হাজার ২০০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। বাসমালিক ছোয়াদ আলী মালিক-শ্রমিকদের পক্ষে টাকা বাড়ানোর দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় গত রোববার পুলিশ তাঁকে আটক করে। এ জন্য তাঁরা কোম্পানির ব্যবস্থাপক রুহুল আমিন ও পরিচালক মিজানের অপসারণের দাবি করেন। অভিলাস পরিবহনের পরিচালক মো. মিজান প্রথম আলোকে বলেন, ‘কোনো বাস চলাচল বন্ধ হয়নি। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছোয়াদ আলী একজন সন্ত্রাসী। তাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।’বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত অভিলাস পরিবহনের কিছু বাস চলাচল বন্ধ ছিল। পরে কোম্পানির কর্মকর্তারা বাসমালিকদের সঙ্গে বৈঠক করে যাত্রাপ্রতি টাকা বাড়িয়ে ৭০০ টাকা করে। এরপর বাসমালিক ছোয়াদকে ছেড়ে দেওয়া হলে বাস চলাচল শুরু হয়।’