অভিশংসন আইন করার সময় মত নেওয়া হবে: আইনমন্ত্রী

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিষয়ে কারও মতামত নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তবে মন্ত্রী বলেছেন, সংবিধান সংশোধনে যে অপসারণের কথাটা থাকবে, সেই অপসারণের কথাটা সংবিধানে থাকাটাই শেষ নয়, এর একটা আইন করতে হবে। সে আইনের সময় সবার মতামত নেওয়া হবে।
আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারিত্বের মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
অভিশংসন আইন করার সময় বিশেষজ্ঞদের মত নেওয়া হবে: আইনমন্ত্রীআনিসুল হক বলেন, অপসারণের ব্যাপারে যখন আইন করা হবে, তখন সবার মতামত নেওয়া হবে। সবার মতামতের পরিপেক্ষিতে একটা আইন যেটা আত্মপক্ষ সমর্থনের সমান সুযোগ দেয়, সে রকম একটা আইন করা হবে। সবার মতামত বলতে কারা—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, স্টেকহোল্ডারস, আইনজীবী ও সুশীল সমাজের সঙ্গে কথা বলব। কারণ, হচ্ছে বিচার বিভাগ কারও একার নয়, এটা সারা দেশের। সে জন্য মনে করি, এখানে আমার একার কনট্রিবিউশনে (অংশগ্রহণ) হবে না, যাঁরা বিচার বিভাগ নিয়ে চিন্তা করেন, তাঁদের সবার অংশগ্রহণ থাকতে হবে।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এই সংশোধনটা যে আনা হচ্ছে, এটি আনা প্রয়োজন। এতে বিচার বিভাগের সম্মান যথেষ্ট বাড়বে, বিচার সুরক্ষিত হবে।’ বিলে যে ভুল হয়েছে তা তাড়াহুড়া করার জন্য হয়েছে কি না জবাবে মন্ত্রী বলেন, ‘সব ঠিক করা হয়েছে। মানুষ মাত্রই ভুল হয়।’
প্রধান অতিথির বক্তব্যে সম্মেলনে আনিসুল হক বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া দরিদ্র মানুষের অধিকার। অস্বচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্বের অংশ। স্বল্পসময়ে মানসম্মত আইনি সহায়তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবিলায় এর মধ্যে প্রশিক্ষণমূলক কার্যক্রম নেওয়া হয়েছে। মামলাজট থেকে বিচার বিভাগকে মুক্ত করতে জেলা লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) প্রাণকেন্দ্র হিসেবে কাজে লাগানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দরিদ্রদের আইনি সহায়তা প্রদানে অনেক বেসরকারি সংস্থা (এজিও) উদাহরণ সৃষ্টি করেছে। যৌথ উদ্যোগ ছাড়া বিস্তৃত আইনি সহায়তা নিশ্চিতভাবে সম্ভব নয়। দেশের আইনি সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারে জাতীয় ও আন্তর্জাতিক এনজিওকে অংশীদারত্বের ভিত্তিতে কাজ শুরু করতে হবে। বিচারক, আইনজীবী, এনজিও এবং সুশীল সমাজের সদস্যসহ সবার যৌথ অংশগ্রহণের মধ্য দিয়ে একটি কার্যকর ও শক্তিশালী আইনগত সহায়তা পদ্ধতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, ডিএফআইডি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার রিচার্ড বাটারওয়ার্থ ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের টিম লিডার হেক্টর ডিয়াজ সলিমান বক্তব্য দেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ওই সম্মেলনের আয়োজন করে।