অভিশংসন বাতিল ছিল জিয়াকে বৈধতা দেওয়ার পুরস্কার: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সামরিক আইনকে বৈধতা দেওয়ার পুরস্কার হিসেবে জিয়াউর রহমান বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন। পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা স্থানান্তর করা হয়।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ’৭২ সালের সংবিধানে সংসদের হাতেই বিচারকদের অভিশংসনের ক্ষমতা ছিল। পরে জিয়াউর রহমানের আমলে কিছু বিচারপতি তাঁর সামরিক আইনকে বৈধতা দিয়ে রায় দেন। এর পুরস্কারস্বরূপ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের থেকে বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে করা আইন জারি করা হয়।
আনিসুল হক বলেন, সংসদের হাতে কখনো কোনো বিচারপতি অভিশংসনের শিকার হননি। বরং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দুইজন এবং অন্য মাধ্যমে সাতজন বিচারপতি অভিশংসনের মুখে পড়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বিচারপতি হেনস্তার শিকার হননি।

আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাহারা খাতুনের সভাপতিত্বে আনিসুল হক বলেন, ১৯৯৭ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলার বিচার যখন উচ্চ আদালতে শুরু হয়, তখন সাতজন বিচারপতি এ মামলায় বিব্রতবোধ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার তাঁরা করতে চাননি। তার পরও তাঁদের কাউকে অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানো হয়নি। এমনকি তাঁদের মধ্যে একজন প্রধান বিচারপতিও হয়েছিলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমীর-উল-ইসলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।