অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণে ভারতের সমীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে ভারতের সমীক্ষা চালানোর বিষয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষায় জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষায় জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের সমন্বয়ক নিখিল দাস, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল সুজন প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, নারায়ণগঞ্জ শহরের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ৪৬ একর ভূমিতে ভারতের অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট নির্মাণে ইতিমধ্যে অবকাঠামোগত প্রয়োজনীয় কাজ প্রায় শেষের পথে। কনটেইনার সরানো ও ওঠানো-নামানোর যন্ত্রপাতি স্থাপন ও শেষ পর্যায়ের কিছু কাজ বাকি রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ মে এই পোর্টের প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দরপত্র আহ্বান করে সে দেশের পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। দরপত্রের কার্যপরিধিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের নারায়ণগঞ্জে ৪৬ একর জমি রয়েছে কুমুদিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের। প্রতিষ্ঠানটি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ওই জমিতে একটি নৌ কনটেইনার টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। টার্মিনাল নির্মাণের কারিগরি ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ভারত সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ দরপত্র আহ্বান করে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এ বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা লজ্জাজনক, হতাশাজনক ও জাতীয় স্বার্থ-সাবভৌমত্ব সংরক্ষণে সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

তেল-গ্যাস কমিটি নেতারা বলেন, ‘আমরা মনে করি, ভারতের হাইকমিশন সূত্রের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ, কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও স্বাধীনতা-সাবভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। আমাদের দেশের সরকার জানে না অথচ অন্য দেশের সরকার এ দেশের ভূমিতে পোর্ট নির্মাণের দরপত্র আহ্বান করে কী করে?’ অবিলম্বে এই বিষয়ে ধোঁয়াশা দূর করতে বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে জনগণকে জানানোর জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা।  সম্মেলনে আরও বলা হয়, কুমুদিনীকে বাংলাদেশের নিয়ম, আইন ও রীতিনীতি মেনে এবং স্বাধীনতা-সাবভৌমত্ব অক্ষুণ্ন রাখার কথা বিবেচনা করেই ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে। সরকার এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। 

 অন্যদিকে নারায়ণগঞ্জের কুমুদিনীতে পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন করে ছাত্র ফেডারেশন।