কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অভ্যন্তরীণ বিভিন্ন কমিটি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ দীর্ঘদিন ধরে। ঘুরেফিরে কয়েকজন শিক্ষকই কমিটিতে থাকেন। এতে স্থান পান না অন্য শিক্ষকেরা। এ অবস্থা দূর করতে কমিটি গঠনের জন্য একটি ‘কমিটি’ গঠন করেছে কলেজের একাডেমিক কাউন্সিল।ছয় সদস্যবিশিষ্ট ওই কমিটির আহ্বায়ক হলেন কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক বিলকিস বেগম। এ প্রসঙ্গে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘কলেজে বর্তমানে ১৫০ জনের মতো শিক্ষক রয়েছেন। প্রতিবছর সব শিক্ষকদের পরীক্ষা কমিটি, ভর্তি কমিটি, পরিবহন কমিটি, ছাত্রাবাস কমিটি, বার্ষিক মিলাদ কমিটিসহ বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া যাচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে কমিটি গঠনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এতে পর্যায়ক্রমে সব শিক্ষকই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।’কলেজ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর কলেজের ৪৬তম অধ্যক্ষ হিসেবে যোগ দেন মো. আবুল কাসেম মিয়া। এরপর থেকে কলেজের অভ্যন্তরীণ সব কমিটি ঢেলে সাজানোর দাবি জানান শিক্ষকেরা। এ অবস্থায় ২৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। ওই বৈঠকে অধ্যক্ষ ছয় সদস্যের একটি কমিটি গঠন করে দেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ১৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে কলেজের অভ্যন্তরীণ কমিটি গঠনে সব শিক্ষককে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু ভিক্টোরিয়া সরকারি কলেজে কয়েক বছর ধরে ওই পরিপত্র যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের আজ্ঞাবহ গুটিকয়েক শিক্ষক বারবার ওই সুবিধা নিয়েছেন। জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া বলেন, সব কমিটিতে শিক্ষকদের সমভাবে অন্তর্ভুক্ত করার জন্য ছয় সদস্যের একটি কমিটি হয়েছে। ওই কমিটির সুপারিশের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।