অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্যবদ্ধভাবে দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার বিকেলে সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীন নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডসহ নয়টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানের ভাষণে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এ দেশের সম্পদ, দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। তাই পেশাদারির গুণগতমান অর্জনের জন্য আপনাদের সবাইকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে কর্তব্যপরায়ণ, শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০৩০-এর আওতায় তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেশের প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ়করণ এবং সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন পদাতিক ডিভিশন এবং বেশ কিছু ব্রিগেড প্রতিষ্ঠা করেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা যাবে।

শেখ হাসিনা বলেন, ‘সেনাবাহিনীর জন্য যত জনবল প্রয়োজন, যুদ্ধসরঞ্জাম প্রয়োজন, সেসব দেওয়া হচ্ছে। পায়রা নদীসংলগ্ন এলাকায় লেবুখালী সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন গঠনের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু হয়েছে। রামুতে আরেকটি পদাতিক ডিভিশন গড়ে তোলা হয়েছে। এভাবে পদাতিক ডিভিশন গড়ে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।’

১৭ পদাতিক ডিভিশনকে আরও পূর্ণতা দিতে একটি পদাতিক ব্রিগেডসহ নয়টি নতুন ইউনিটের পতাকা উত্তোলনের বিষয় উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, ‘আজ সেনাবাহিনীর জন্য অত্যন্ত আনন্দের দিন; পরিপূর্ণতা অর্জনের দিন। আমি বিশ্বাস করি, এই নবগঠিত ব্রিগেড ও ইউনিটসমূহের প্রত্যেক সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সব বাধা অতিক্রম করে এই ডিভিশনের শক্তি বৃদ্ধিতে সহায়তা এবং একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করবেন।’

সব ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সেতুর কাজ ইতিমধ্যে ৩৯ ভাগ শেষ হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ধাপের ৮০ ভাগের বেশি কাজ হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতি শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আনোয়ারুল মোমেন তাঁকে স্বাগত জানান। সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদানের আগে প্রধানমন্ত্রী দুপুরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানে পবিত্র কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।