মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মেয়র পদে ‘নৌকা’কে ডুবিয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফি আলম ইউনুছ জয়ী হয়েছেন। নৌকা মার্কার হারের পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সফি আহমদ সলমানের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তা, দলের কিছু নেতা ও বিদ্রোহী প্রার্থী ষড়যন্ত্র করে তাঁকে হারিয়েছেন। মৌলভীবাজারের চারটি পৌরসভার মধ্যে একমাত্র কুলাউড়াতেই আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতে পারেননি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের বিদ্রোহী শফি আলম ইউনুছ ৪ হাজার ২৩০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দীন আহমদ পান ৪ হাজার ১৭৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সফি আহমদ সলমান ৩ হাজার ৭৮৩ ভোট পান।
নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ১০-১২ জন নেতা-কর্মী বলেন, এবারের নির্বাচনে দলের প্রার্থীর পরাজয়ের পেছনে মূল কারণ অভ্যন্তরীণ কোন্দল। দলের বিভিন্ন পর্যায়ের কিছু নেতা প্রকাশ্যে দলের প্রার্থীর প্রচারণায় অংশ নেন। কিন্তু গোপনে তাঁরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এর আগের দুটি নির্বাচনেও একই কারণে দলের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।
নির্বাচনের পরদিন গত বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শফি আহমদ সলমান কুলাউড়া পৌর শহরে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান, দলের কিছু নেতা ও বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছ ষড়যন্ত্র করে তাঁকে হারিয়েছেন।
ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘নির্বাচনী কোনো দায়িত্বে ছিলাম। তাই অভিযোগের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গত শনিবার বলেন, কুলাউড়ায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। মানুষ পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছে। বিচ্ছিন্নভাবে দলের দু-চারজন নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন। তা দলীয় প্রার্থীর পরাজয়ে তেমন প্রভাব ফেলেনি।
মেয়র শফি আলম ইউনুছ বলেন, 'ষড়যন্ত্রের অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। পৌরসভার উন্নয়নে স্থানীয় গণমান্য ব্যক্তিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরামর্শ নেব। দল আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশের যে সিদ্ধান্ত নিয়েছে, আশা করি তা প্রত্যাহার করে নেবে।’