অভ্যন্তরীণ কোন্দলে আ.লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ কোন্দল, নেতাদের সমন্বয়ের অভাব, তৃণমূল কর্মীদের পুঞ্জীভূত ক্ষোভ ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভরাডুবির কারণ।
এলাকায় ঘুরে ও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩৫ বছর পর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ মিলে ঢাকা-১ আসনে জয় পায় আওয়ামী লীগ। কিন্তু দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে গত ৫ জানুয়ারির সংসদ এবং ১৯ ফেব্রুয়ারির উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় ঘটেছে।
দোহার: ২০০৮ সালের জাতীয় নির্বাচনে এই আসনে জয় লাভ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান। দায়িত্ব পান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর। পরবর্তীকালে তাঁর সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মতবিরোধ দেখা দেয়। পাঁচ বছরেও এর অবসান হয়নি। দলের মধ্যে বিভক্তি স্থায়ী হয়ে যায়।
চলতি বছর দশম সংসদ নির্বাচনে মাহবুবুর রহমানের নেতৃত্বে বেশির ভাগ নেতা-কর্মী মান্নান খানের নৌকার বিপরীতে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের পক্ষে অবস্থান নেন। নির্বাচনে মান্নান খান পরাজিত হন।
আর উপজেলা নির্বাচনে মাহবুবুর রহমানের প্রভাবে দল থেকে দোহার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান ওরফে খোকন শিকদারকে দলীয় প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মান্নান খানের পক্ষ মেহবুব কবিরকে সমর্থন দেন। নির্বাচনে দুজনেরই শোচনীয় পরাজয় হয়। আওয়ামী লীগের দুই প্রার্থীর ভোট ভাগাভাগির সুযোগে জিতে যান বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক মন্ত্রী নাজমুল হুদার ভাই কামরুল হুদা। খোকন শিকদার সাত হাজার ৭৪৬ ভোট পেয়ে চতুর্থ হন। ২৬ হাজার ৫৮৫ ভোট পান মেহবুব কবির।
এ বিষয়ে গতকাল শুক্রবার বিকেলে আব্দুল মান্নান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গ্রুপিং করি না।’ মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর নিয়মিত কোনো বিরোধ ছিল না দাবি করে মান্নান খান মনে করেন, সংসদ নির্বাচনে যে কারণে আওয়ামী লীগের পরাজয় হয়েছে, একই কারণে উপজেলা নির্বাচনে দলের প্রার্থীর পরাজয় হয়েছে।
তবে মাহবুবুর রহমান দাবি করেন, প্রার্থী নির্বাচনে কোনো ভুল হয়নি। গত পাঁচ বছরে মান্নান খানের কার্যক্রমের ফলাফল এই পরাজয়।
নবাবগঞ্জ: ২০০৯ সালের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ওরফে ঝিলু ও জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়ার মধ্যে কোন্দল দেখা দেয়। ওই সময় দুজনই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এর পর থেকে তাঁরা দলীয় কর্মসূচিও পালন করেন আলাদাভাবে। তাঁদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বাতেন এবং উপজেলা কমিটির সভাপতি জামালউদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার ভূঁইয়া মান্নান খানের বিরুদ্ধে গিয়ে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের পক্ষে অবস্থান নেন।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের সমর্থন পান ঝিলু। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন উপজেলা কমিটির প্রচার সম্পাদক শেখ হান্নান উদ্দিন। ঝিলুর পক্ষে ভোটের দুই দিন আগে মাঠে নামেন ব্যবসায়ী মো. নূর আলী এবং দলের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু আবদুল বাতেন মিয়া ও তাঁর সমর্থকেরা দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি। বাতেন মিয়ার বাড়ির কাছে কেন্দ্রে এক হাজার ৮৮৩ ভোটের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ঝিলু পান মাত্র ১১৬ ভোট। দলের অধিকাংশ নেতা-কর্মী নির্বাচনী প্রচারণায় অংশও নেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা যুবলীগের এক নেতা বলেন, এই উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী খোন্দকার আবু আশফাক ও আওয়ামী লীগের নেতা বাতেন মিয়া দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার। আশফাক বিএনপির প্রার্থী হিসেবে ওই নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন।