অভ্যন্তরীণ কোন্দলে আশুলিয়ায় ছাত্রদলের ইফতার অনুষ্ঠান পণ্ড
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রদল ও যুবদলের একাংশের হামলায় গতকাল শনিবার রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ছাত্রদলের ইফতার অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল পণ্ড হয়ে গেছে।পুলিশ ও দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা গতকাল ডেন্ডাবর এলাকায় ইফতার অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের আয়োজন করেন। এতে সাভারের সাবেক সাংসদ ও আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান অতিথি করা হয়।পূর্ব ঘোষণা অনুযায়ী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল সকাল থেকেই পূর্ব ডেন্ডাবরে মঞ্চ তৈরির পাশাপাশি ইফতারের আয়োজন করতে থাকেন। দুপুর ১২টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান ও যুবদল আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক আইয়ুব খানের সমর্থক ছাত্রদলের নেতা-কর্মীরাও একই স্থানে ইফতার অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল আয়োজনের ঘোষণা দেন। বেলা আড়াইটার দিকে মিজান ও আইয়ুবের সমর্থক ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে প্রতিপক্ষের মঞ্চ ভাঙচুর করেন। পরে দেওয়ান সালাউদ্দিনের সমর্থক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আইয়ুব খানের ক্লিনিকেও ভাঙচুর করা হয়।ধামসনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও দেওয়ান সালাউদ্দিনের সমর্থক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, মিজান ও আইয়ুবের সমর্থকেরা হামলা চালিয়ে ইফতার অনুষ্ঠান পণ্ড করে দেন।এ অভিযোগ অস্বীকার করে যুবদলের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক আইয়ুব খান বলেন, ছাত্রদলের দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই ইফতার অনুষ্ঠান পণ্ড হয়েছে।