অভ্যন্তরীণ গন্তব্যে যুক্ত হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস

বাংলাদেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনায় যুক্ত হচ্ছে আরেকটি বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশীয় এই বিমান সংস্থাটির বহরে থাকছে দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ৷
এর মধ্যে একটি উড়োজাহাজ গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছায়৷ এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যে আরেকটি উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে৷ এরপর বিমান সংস্থাটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে৷
ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্বাহী পরিচালক এম গোলাম তৌহিদ বলেন, তাঁরা যে উড়োজাহাজগুলো আনছেন, সেগুলো এশিয়ার তুলনায় ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিমান সংস্থাগুলো বেশি ব্যবহৃত হয়৷ তিনি জানান, ইউএস-বাংলার প্রতিটি উড়োজাহাজে ছয়টি বিজসেন ক্লাসসহ মোট ৭৬টি আসন রয়েছে। উড়োজাহাজগুলো অধিক তাপমাত্রায়ও শীতল থাকবে৷
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন। ইউএস-বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম গন্তব্যে দৈনিক পাঁচটি, ঢাকা-যশোরে দুটি, ঢাকা-সিলেট দুটি ও ঢাকা-কক্সবাজার গন্তব্যে একটি ফ্লাইট পরিচালনা করা হবে৷