অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এক পক্ষের হামলায় ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (২৪) গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকায় পাঠানো হয়।
গত রোববার রাত ১০টার দিকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
মাহমুদুল হাসান ওই কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তিনি নগরের ১৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে।
তাঁর বন্ধু ইভান জানান, রোববার রাতে মাহমুদুল হাসান তারারিব নামাজ শেষে বন্ধুদের সঙ্গে কলেজের গেটে দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে মুঠোফোনে কথা বলতে বলতে কলেজের ভেতর নির্জন স্থানে চলে যান। এ সময় মোটরসাইকেলযোগে আসা আট-দশজনের একটি দল হাসানের ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপর একটি পক্ষ জানায়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ভর্তি-বাণিজ্য নিয়ে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম একটি পক্ষ এবং মাহমুদুল হাসান অন্য পক্ষ। ভর্তি-বাণিজ্যের টাকার ভাগবাঁটোয়ারা নিয়েই ওই হামলার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত পরশু মাহমুদুল হাসান কলেজে শাওন পারভেজ, রুবেলসহ কয়েজনের ব্যানার ছিঁড়ে ফেলে। রাতে করিম কুটির এলাকায় শাওন পারভেজকে মারধর করে তার কাছ থেকে দুটি ভর্তির রসিদ ছিনিয়ে নেয়। এ সময় তাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। তখন হাসান তাদের কাছে ভর্তির টাকার ভাগ চায়। ওই ঘটনার জের ধরে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তবে ওই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
রেজাউল ইসলাম আরও বলেন, ‘রোববার মাহমুদুল হাসান আমাকে কয়েকবার ফোন করে। রাত নয়টায় আমি কলেজে আছি বললে সে কলেজে আসে। তার সঙ্গে দেখা হয়। এ সময় কলেজে কয়েকজন শিক্ষকও ছিলেন। একপর্যায়ে সাড়ে নয়টার দিকে আমরা কলেজের মূল গেট থেকে বের হয়ে সামনের একটা চায়ের দোকানে চা খেতে যাই। কিছুক্ষণ পর কলেজের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুনতে পাই। আমি সেখানে যেতে চাইলেও সঙ্গে থাকা স্যার ও অন্যরা আমাকে যেতে বারণ করে। আমি সেখান থেকে বাসায় চলে আসি।’
নাম প্রকাশ না করার শর্তে ওয়ার্ড ছাত্রলীগের একটি পক্ষ জানায়, ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জের ধরে মাহমুদুল হাসানকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের অন্য পক্ষ।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কলেজ কমিটির সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, ‘১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। তবে সেই কারণে হামলা হয়েছে কি না জানি না।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মতিয়ার রহমান বলেন, আহত শিক্ষার্থীর মাথা, পিঠ ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান চালাচ্ছে।