অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আ.লীগের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রশিদুজ্জামান মোড়ল সাড়ে তিন হাজার ভোটে বিএনপি-সমর্থিত প্রার্থী স ম বাবর আলীকে পরাজিত করেন।
এবারের নির্বাচনে সেই বাবর আলীর কাছে ২০ হাজার ৯২৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রশিদুজ্জামান। তাঁর পরাজয়ের মূল কারণ হিসেবে দলটির নেতা-কর্মীরা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দায়ী করছেন।
গত শনিবার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী স ম বাবর আলী ৫৯ হাজার ৩০৪টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রশিদুজ্জামান মোড়ল পান ৩৮ হাজার ৩৭৮টি ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা জামায়াতের আমির কামাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী শাহনারা খাতুন।
বিএনপি-জামায়াতের স্থানীয় কয়েকজন নেতা বলেন, পাইকগাছা উপজেলায় চেয়ারম্যান পদে খুলনা জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবদুল মজিদ এবং জেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামানও মনোনয়নপত্র জমা দেন। কিন্তু পরে তাঁরা ১৯-দলীয় জোটের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আর এ কারণে বাবর আলীর বিজয় সহজ হয়েছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলের পদে থাকা অনেক নেতা-কর্মী দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন এবং জামায়াত-বিএনপির প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেন। আর এ কারণে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয় হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মোলোঙ্গী বলেন, ‘দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আমরা হেরেছি। দলের স্থানীয় অনেক প্রভাবশালী অনেক নেতা প্রার্থীর পক্ষে কাজ করেননি।’