সরকারি নির্দেশনা না মেনে টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বছরে দুটি পরীক্ষার বদলে তিনটি পরীক্ষা নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ মূল্যায়নের নামে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষক ও শিক্ষক সমিতির নেতারা ৬৯ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, সরকার ২০১৩ সাল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি পরীক্ষার বদলে দুটি পরীক্ষার (অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা) নিয়ম চালু করে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার চাপ থেকে মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্নপত্র নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা তৈরি করে পরীক্ষা নেবেন বলে নিয়ম রয়েছে। কিন্তু মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্দেশে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা এবার তিনটি পরীক্ষা নিচ্ছেন। অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষার নামে প্রথম ধাপের পরীক্ষা ৮ এপ্রিল শুরু হয়েছে। এর প্রশ্নপত্র শিক্ষক সমিতির কাছ থেকে কিনতে হচ্ছে।
শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর ফি শ্রেণীভেদে ২৮০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। সে হিসাবে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষক ও সমিতির নেতারা ৮৭ লাখ টাকা আদায় করেছেন।
মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম জানান, অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন বাবদ তাঁর বিদ্যালয়ের পক্ষ থেকে সমিতিকে প্রায় ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক সেলিম রেজা বলেন, সরকার নিয়ম করল দুই পরীক্ষার। অথচ নিয়ম ভেঙে উচ্চ হারে ফি আদায় করে আরেকটি পরীক্ষা নেওয়া হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও অভিভাবকদের তা মেনে নিতে হচ্ছে।
উপজেলার বানাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামাদ চৌধুরী জানান, পরীক্ষার ফি বাবদ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ২৮০ টাকা এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা আদায় করা হয়েছে। ৩৩০ জন শিক্ষার্থীর জন্য ছয় হাজার ৬০০ টাকা দিয়ে তিনি সমিতির কাছ থেকে প্রশ্নপত্র নিয়েছেন। পরীক্ষার ফি থেকে বেঁচে যাওয়া টাকা বিদ্যালয়ের তহবিলে জমা হবে বলে তিনি উল্লেখ করেন।
অপর একটি সূত্র জানায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ১২টি বিষয়ে পরীক্ষা নিতে শিক্ষার্থী প্রতি গড়ে ৬০ তা করে কাগজ লাগছে। আর প্রতি রিম কাগজ ৩২০ টাকা দরে কিনছেন শিক্ষকেরা। এভাবে শিক্ষার্থীপ্রতি ৪০ টাকা হিসাবে ৩০ হাজার শিক্ষার্থীর জন্য ১২ লাখ টাকার কাগজ লাগছে। এ ছাড়া প্রশ্নপত্র তৈরি করতে সমিতিকে শিক্ষার্থীপ্রতি ২০ টাকা দেওয়া হয়েছে। এ হিসাবে ছয় লাখ টাকা নেওয়া হয়েছে প্রশ্নপত্র তৈরির জন্য। ৮৭ লাখ টাকার অবশিষ্ট ৬৯ লাখ শিক্ষক ও শিক্ষক সমিতির নেতারা হাতিয়ে নিচ্ছেন।
কয়েকটি বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকেরা জানান, সমিতির পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার বিষয়টি তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর বদলে বিদ্যালয়ে নিয়মিত সাপ্তাহিক কিংবা মাসিক পরীক্ষা নিলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ভালো হতো।
এ ব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, যা জানার, তা সমিতির সভাপতির কাছ থেকে জানেন। শিক্ষক সমিতি সামাজিক সংগঠন। এত কৈফিয়ত কেন দিতে হবে বলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
শিক্ষক সমিতির সভাপতি রায়হানুল আলম বলেন, ‘প্রশ্নপত্র বাবদ শিক্ষার্থীপ্রতি ২০ টাকা নেওয়া হয়েছে। বাকি বিষয়ে পরে কথা বলব।’
তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।