অভ্যন্তরীণ ফ্লাইট নিয়ে বিমানের কোন দাবি সত্য
হজ ফ্লাইট চলাকালে আন্তর্জাতিক গন্তব্য ঠিক রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সব ফ্লাইট ১৯ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে—এমন ঘোষণা দেওয়া হয়েছিল গত মাসে। এ খবর দেশের সব সংবাদমাধ্যমে প্রচারিত হয়। যাত্রীরাও তা-ই জেনে আসছে।কিন্তু গতকাল রোববার এর ঠিক উল্টো খবর দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। তাতে বলা হয়, সুপরিসর উড়োজাহাজ দিয়ে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং সিলেট-ঢাকা অভ্যন্তরীণ গন্তব্যে বাংলাদেশ বিমানের সপ্তাহে প্রায় ৩০টি ফ্লাইট চলছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম বর্তমানে সপ্তাহে ১১টি, চট্টগ্রাম থেকে ঢাকায় ১৪টি ও সিলেট থেকে ঢাকায় পাঁচ থেকে সাতটি ফ্লাইট চলছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট গন্তব্যে বিমানই কেবল সুপরিসর জেট উড়োজাহাজ বোয়িং-৭৭৭, বোয়িং-৭৩৭, এয়ারবাস-৩১০ ও ডিসি-১০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। আর ভাড়া হলো এসব গন্তব্যে চলাচলকারী অন্য বিমান সংস্থাগুলো থেকে ৪২ শতাংশ কম। ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-ঢাকায় এক যাত্রার ভাড়া যথাক্রমে সাড়ে তিন হাজার ও দুই হাজার ৮০০ টাকা। বিমানের এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা। তাঁদের মতে, যেখানে প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থাগুলো অপেক্ষাকৃত ছোট উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। তাতে জ্বালানি খরচও কম। সেখানে বিমান নতুন প্রজন্মের সুপরিসর উড়োজাহাজ ব্যবহার করছে, যার ভ্রমণ অপেক্ষাকৃত আরামদায়ক ও জ্বালানি খরচও বেশি। কিন্তু ভাড়া নিচ্ছে ৪২ শতাংশ কম। এতে বিমান কী করে লাভবান হবে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এসব কর্মকর্তা। তার ওপর সপ্তাহে ৩০টি ফ্লাইট চালানো সত্ত্বেও গত ১৯ সেপ্টেম্বর এসব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হলো কেন?এ ব্যাপারে জানতে চাইলে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম মোসাদ্দিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধের খবরটি যে কোত্থেকে বের হলো, বুঝতে পারছি না।’ ভাড়া কম রাখাকে ‘বাণিজ্যিক কৌশল’ আখ্যা দিয়ে তিনি বলেন, বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ৪১৯টি আসন আছে। লন্ডন থেকে ফ্লাইট নিয়ে সিলেট আসার পর অনেক যাত্রী নেমে যান। এরপর ঢাকা পর্যন্ত ওই আসনগুলোতে কম ভাড়ায় যাত্রী নিলে তা বাড়তি লাভ হিসেবে যুক্ত হবে।