অভ্যন্তরীণ বাজার থেকে গম কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ বাজার থেকে এক লাখ টন গম কিনবে সরকার। প্রতি কেজি গমের দাম ধরা হয়েছে ২৪ টাকা। আগামী পয়লা এপ্রিল থেকে শুরু করে ৩০ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে। সরকারি হিসাবে এ বছর কৃষক পর্যায়ে প্রতি কেজি গমের উৎপাদন-খরচ পড়েছে ২১ টাকা।গতকাল মঙ্গলবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় গম কেনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুগন্ধি চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষিসচিব মনজুর হোসেন, খাদ্যসচিব বরুণ দেব মিত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলম এবং অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পা কমিশনের প্রতিনিধিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বলা হয়, এ বছর গমের উৎপাদন ভালো হয়েছে। যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে কৃষক লাভবান হবে। বর্তমানে গমের চাহিদা প্রায় ৪০ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় ১০ লাখ টন। অবশিষ্ট গম আমদানি করতে হয়। সরকারিভাবে নয় লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। বেসরকারি পর্যায়ে এ বছর গম আমদানি কম হয়েছে। সরকার আমদানি অব্যাহত রখেছে এবং ওএমএসের মাধ্যমে আটা বিক্রির কার্যক্রম চলছে। সভায় সুগন্ধি চাল রপ্তানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৯ সালের ১৯ মে সুগন্ধি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সভায় জানানো হয়, বর্তমানে সরকারি গুদামে পর্যাপ্ত চাল মজুত রয়েছে। এ বছর ৪৭ লাখ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল, কিন্তু আবাদ হয়েছে প্রায় ৪৯ লাখ হেক্টর জমিতে। অপরদিকে গত বছরের তুলনায় প্রায় ২০ ভাগ অতিরিক্ত জমিতে হাইব্রিড জাতের ধান চাষ হয়েছে। গত বছর অভ্যন্তরীণ বাজার থেকে সরকার গম কেনেনি। ২০১০ সালে ৫০ হাজার টন কেনার সিদ্ধান্ত হলেও কেনা হয়েছিল প্রায় ৪৭ হাজার টন। তখন প্রতি কেজি গমের ক্রয়মূল্য ছিল ১৯ টাকা ৫০ পয়সা।