অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ হস্তক্ষেপ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না—বিষয়টি ভোটে দেওয়ার পর হলজুড়ে যেন একধরনের স্নায়ুযুদ্ধের সূচনা হলো। রাশিয়ার নেতৃত্বে ৪৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। জার্মানির নেতৃত্বে ১০টি দেশের ভোট পড়ে বিপক্ষে।
এই ভোটাভুটির মধ্য দিয়ে উন্নত দেশগুলোর সঙ্গে অনুন্নত ও উন্নয়নশীল দেশের অবস্থানগত বিভাজনও স্পষ্ট হয়ে ওঠে। ভোটে হেরে যাওয়ার পর কয়েকটি দেশ বলেছে, গৃহীত প্রস্তাবের কিছু দফা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে জার্মানি, ইউক্রেন ও কানাডার সঙ্গে রাশিয়া, চীন ও ভারতের কিছুটা উত্তপ্ত, অথচ প্রাণবন্ত বিতর্ক হয়।
১৩৬তম আইপিইউ (ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে গতকাল মঙ্গলবার এই দৃশ্যের অবতারণা হয়। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনের গতকাল ছিল চতুর্থ দিন।
আইপিইউর ১২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হলো। ১৮ দফার এই প্রস্তাব আজ বুধবার আইপিইউর সাধারণ সভায় অনুমোদন হওয়ার কথা রয়েছে।
আইপিইউর প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, কমিটি কোনো সুপারিশ করলে জেনারেল অ্যাসেম্বলিতে (সাধারণ সভা) তা সাধারণত অনুমোদন হয়ে থাকে।
একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ না করার বিষয়টি নিয়ে আইপিইউর ১৩২তম সম্মেলনে প্রথম আলোচনা হয়। সবার মতামতের ভিত্তিতে এ-সংক্রান্ত খসড়াটি তৈরি করে রাশিয়া। তিন দিন ধরে আইপিইউর শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটিতে এই খসড়াটির বিভিন্ন দফা নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে তুমুল বিতর্ক হয়। বিতর্ক শেষে গতকাল বিকেলে তা চূড়ান্ত করা হয়।
সম্মেলন কেন্দ্রে ন্যাটো জোটভুক্ত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের ওয়ারশ জোটভুক্ত দেশগুলোর একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত খসড়াটি রাশিয়ার পক্ষ থেকে তৈরি হওয়ায় উন্নত দেশগুলো এর বিপক্ষে অবস্থান নিয়েছে।
গৃহীত প্রস্তাবের শিরোনামে বলা হয়েছে, আইপিইউর সদস্যদেশগুলো এক দেশের প্রতি অন্য দেশের হুমকি প্রদান বা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের বলপ্রয়োগ বা হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার নীতি গ্রহণ করবে।
আরও বলা হয়েছে, সংসদের দায়িত্ব হবে গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার রক্ষা করা ও যেকোনো বিতর্কে সংলাপের পথকে উৎসাহিত করা। দেশের অভ্যন্তরীণ সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের পথ বের করাও সংসদের দায়িত্ব। একই সঙ্গে তারা গণতান্ত্রিক সরকারকে অবৈধ পন্থায় উৎখাতের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।
প্রস্তাবটি ভোটে দেওয়ার আগে ভোটারদের নিজেদের পক্ষে টানার জন্য পশ্চিমের দেশ জার্মানি, কানাডা ও যুক্তরাজ্য এবং পুবের দেশ রাশিয়া ও চীনকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে খণ্ড খণ্ড বৈঠক করতে দেখা যায়।
প্রস্তাবের ওপর দফাওয়ারি আলোচনা শেষে গতকাল বিকেলে কমিটির সভাপতি লরা রোহার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এ সময় তিনি জানতে চান, প্রস্তাবটি সরাসরি, নাকি দফাওয়ারি ভোটে দেওয়া হবে। এ নিয়ে মতবিরোধ দেখা দিলে তিনি প্রস্তাব গ্রহণের পদ্ধতি নির্ধারণের জন্য ভোট আহ্বান করেন। এতে ৪১টি দেশ সরাসরি ভোটে দেওয়ার পক্ষে হাত তোলে। এরপর সরাসরি ভোটে দেওয়া হলে জার্মানি, ইউক্রেন, সুইজারল্যান্ড, নরওয়ে, কানাডা, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ও আইসল্যান্ড প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বেলজিয়াম শুরুতে প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও পরে তা প্রত্যাহার করে ভোটদানে বিরত থাকার কথা বলে। তবে তারা প্রস্তাবটিকে অসম্পূর্ণ বলে দাবি করে।
অন্যদিকে রাশিয়ার নেতৃত্বে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চীন, ভারত, তুরস্ক, বাংলাদেশ, কিউবাসহ ৪৪টি দেশ।
ভোটাভুটি শেষে বিষয়টি নিয়ে উন্মুক্ত আলোচনা শুরু হলে কিউবার প্রতিনিধি বলেন, এ বিষয়ে কয়েক দফায় আলোচনা হয়েছে। আপাতত আর কোনো আলোচনার প্রয়োজন নেই।
ইউক্রেনের প্রতিনিধি বলেন, রাশিয়া আরেক দেশে গিয়ে মানুষ মারছে। অথচ তারা এখানে এসে অন্য দেশের ওপর হস্তক্ষেপ না করার নীতিকে সমর্থন করছে। তাই তাদের দেশ এই প্রস্তাবকে গ্রহণযোগ্য বলে মনে করে না।
কানাডার প্রতিনিধি বলেন, প্রস্তাবটি যখন খসড়া আকারে গ্রহণ করা হয়, তখনো এটি অগ্রহণযোগ্য ছিল। এখনো অগ্রহণযোগ্য। ফিনল্যান্ডের প্রতিনিধি বলেন, গৃহীত প্রস্তাবটি ভালো। তবে দু–তিনটি দফায় সংশোধনীর প্রয়োজন আছে।
জার্মানির আইনসভা বুন্দেসতাগের ভাইস প্রেসিডেন্ট ক্লডিয়া রথ বলেন, ‘বিশ্বব্যাপী গণতন্ত্র হুমকিতে। এ অবস্থায় অনেকে এই প্রস্তাবের বিরোধিতা করছে। তাই আমাদের অবস্থান প্রস্তাবটির বিপক্ষে।’
ক্লডিয়া রথের বক্তব্যের জবাবে চীনের প্রতিনিধি বলেন, ‘ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করাই গণতন্ত্রের নিয়ম। বিভিন্ন সময়ে শক্তিশালী দেশগুলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এসব বিষয়ে বেশির ভাগ রাষ্ট্রের বাজে অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা প্রস্তাবটির পক্ষে।’
সুইজারল্যান্ড ও আইসল্যান্ড প্রস্তাবটি গ্রহণ হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে। ভারতের প্রতিনিধি বলেন, ‘একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। কোথাও হস্তক্ষেপ করতে হলে জাতিসংঘের অনুমোদন নিয়ে করতে হবে। কিন্তু অতীতে আমরা দেখেছি এক দেশ অন্য দেশের অভ্যন্তরে জঘন্যভাবে হস্তক্ষেপ করেছে।’
রাশিয়ার আইনসভার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আন্দ্রে ক্লিমভ বলেন, ‘আইপিইউ আমাদের পরিবার। আমরা এখানে কাউকে ভাগ করতে আসিনি। আসলে এখানে সবাই জিতেছে।’
বাংলাদেশের সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, অন্য রাষ্ট্রের বিষয়ে নাক গলানোর ইতিহাস হাজার বছরের। এটি বন্ধে ৪৪টি দেশ একমত হয়েছে। এই ভোটের প্রতি সবার শ্রদ্ধা জানানো উচিত।
সবশেষে কমিটির সভাপতি লরা রোহা বলেন, সবার মতামতের প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবটি গৃহীত হলো।