বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিনদের নাক গলানো অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। সরকার ও বিরোধী দলের নতজানু নীতির কারণে যুক্তরাষ্ট্র এ ধরনের হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক সমাবেশে বক্তারা এ কথা বলেন।সমাবেশে ড. ইউনূস ইস্যুতে মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ড. ইউনূসের পক্ষ অবলম্বন করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বক্তারা আরও বলেন, মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী দেশগুলো তেল ও প্রাকৃতিক সম্পদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নানা অজুহাতে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হত্যাযজ্ঞ ও দখলদারি চালিয়ে যাচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির কেন্দ্রীয় নেতা আশরাফ হোসেন। বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য শাহাদৎ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আকাশ, আহসান হাবিব, সাজ্জাদ জহির চন্দন প্রমুখ। বিজ্ঞপ্তি।