অভ্যন্তরীণ রুটে চলছে বিমান, ভরসা ড্যাশ-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের দুটি ড্যাশ-৮ উড়োজাহাজের মধ্যে একটি এখনো অচল রয়েছে। একই মডেলের আরেকটি সচল উড়োজাহাজই অভ্যন্তরীণ রুটে এখন তাদের প্রধান ভরসা। এর সঙ্গে যোগ করানো হয়েছে বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এভাবেই দেশের আটটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট পরিচালনা করছে বিমান। বিমান কর্তৃপক্ষ জানায়, আজ বৃহস্পতিবার অভ্যন্তরীণ এসব রুটে তাদের শিডিউলে অসুবিধা হয়নি।

বিমান সূত্রে জানা গেছে, সচল থাকা ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে যশোর, বরিশাল, রাজশাহী ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজে করে যাত্রী বহন করানো হচ্ছে।

এ ব্যাপারে আজ বেলা পৌনে তিনটায় বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাসমিম আক্তার প্রথম আলোকে বলেন, ‘আজকে আমাদের অভ্যন্তরীণ রুটে শিডিউলে অসুবিধা নেই। কোনো বিপর্যয় নেই। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।’

দুটি ড্যাশ-৮ ত্রুটি সারাইয়ের কারণে গতকাল বুধবার বিমানের অভ্যন্তরীণ রুটের ঢাকা-সৈয়দপুর, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল, ঢাকা-সিলেট রুটের চারটি ফ্লাইট বাতিল হয়েছিল। আগের দিন গত মঙ্গলবারও এসব রুটে বিমান চলেনি।

ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ দিয়ে ঢাকাসহ দেশের আটটি রুট ও বিভিন্ন আঞ্চলিক রুটে ফ্লাইট পরিচালনা করে আসছিল বিমান। এ দুটি উড়োজাহাজের মধ্যে একটি প্রায় সব সময়ই বিকল হয়ে পড়ে থাকে। তাই একটি ড্যাশ-৮ বিমানের অভ্যন্তরীণ রুটের ভরসা।

তবে গতকাল বুধবার একটি ড্যাশ সচল হয়। সেদিন সকালে এটি দিয়ে কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করা হয়। ঢাকায় ফিরে আসার পর বেলা সাড়ে তিনটার দিকে এই উড়োজাহাজ মিয়ানমারে যাত্রী নিয়ে যায়।