মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। টানা বর্ষণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ সব নদীপথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
খেপুপাড়া রাডার স্টেশন থেকে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার থেকে উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল শনিবার ভোর থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণের কারণে মানুষজন ঘর থেকে বের হতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন। পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পটুয়াখালী নদীবন্দরের আওতায় জেলার অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহাতাব উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালী নদীবন্দরে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব নৌপথে ছোট ছোট লঞ্চ ও সব ধরনের নৌযান লঞ্চ চলাচল রন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরার ট্রলার নিয়ে উপকূলে নিরাপদে ফিরে আসছেন। কলাপাড়ার আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা জানান, দীর্ঘ আট মাস জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় অনেকেই সাগরে জাল ফেলেননি। ১ জুলাই থেকে জেলেরা ইলিশ শিকারে সাগরে গেলেও বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসছেন। ইতিমধ্যে কুয়াকাটা, আলীপুর, মহিপুর, গঙ্গামতী, মৌডুবি, ফাতরার চ্যানেলে সহস্রাধিক মাছ ধরার ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে।